তিনি নিয়ম মেনে ইস্তফা জমা দিয়েছেন, বললেন শুভেন্দু! অধ্যক্ষ জানালেন অবস্থান, বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ
তিনি নিয়ম মেনে ইস্তফা জমা দিয়েছেন, বললেন শুভেন্দু! অধ্যক্ষ জানালেন অবস্থান, বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ
ইস্তফা জটিলতা নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি বিধানসভার বাইরে আসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকার। কোথাও কোনও জটিলতা নেই।

বুধবার ইস্তফা শুভেন্দুর
১৬ ডিসেম্বর বুধবার বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নিজের হাতে পদত্যাগপত্র নিখে জমা দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। কিন্তু সেই সময় অধ্যক্ষ ছিলেন না। বিধানসভার সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরে অধ্যক্ষ জানান, নিয়ম মেনে তা জমা দেওয়া হয়নি।

অধ্যক্ষের সঙ্গে দেখা করার পর শুভেন্দু
এদিন দুপুরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বেরিয়ে এসে তিনি জানান, তিনি নিয়ম মেনেই ইস্তফা পত্র জমা দিয়েছিলেন। অন্যদিকে অধ্যক্ষও নিয়ম মেনেই তাঁকে ডেকেছিলেন। অধ্যক্ষ তাঁকে প্রশ্ন করেন, নিজের ইচ্ছায় ইস্তফা দিয়েছেন কিনা, ইস্তফা পত্র লেখাটা তাঁর কিনা। এরপরে অধ্যক্ষ তাঁকে জানিয়েছেন, ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে।

শুভেন্দুর সঙ্গে কথা বলে সন্তুষ্ট অধ্যক্ষ
গত বুধবার শুভেন্দু অধিকারী যে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন, তাতে কোনও তারিখ উল্লেখ ছিল না। তবে ইমেলে পাঠানো ইস্তফাপত্রে তারিখের উল্লেখ ছিল। ফলে শুভেন্দু অধিকারীর ইস্তফায় অধ্যক্ষ সন্তুষ্ট হতে পারেননি। সেই কারণে শুভেন্দু অধিকারীকে তলব করেছিলেন তিনি। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিয়ম অনুযায়ী শুভেন্দু অধিকারীকে যে যে প্রশ্ন করার কথা, তার যথাযথ উত্তর তিনি পেয়েছেন। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। ইস্তফাপত্রে এদিন বিকেলের সময় ও তারিখ থাকছে। পাশাপাশি নির্বাচন কমিশনকে তিনি জানিয়ে দিচ্ছেন যে নন্দীগ্রাম বিধানসভা আসনটি ফাঁকা।

রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছিলেন ২৭ নভেম্বর। ১৬ ডিসেম্বর দলের বিধায়কপদে ইস্তফা দেন তিনি। যদিও তা গ্রহণ করা হয় ২১ ডিসেম্বর। তার আগেই তিনি ১৯ ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। এদিন দুপুরে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করার পর তিনি বিকেলে যাবেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে। অন্যদিকে, এদিনই শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় পৌঁছে গিয়েছে সিআরপিএফ। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। কাঁথির শান্তিকুঞ্জের বাড়ি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন সিআরপিএফ-এর আধিকারিকরা।












Click it and Unblock the Notifications