বিজেপি মুসলিম-বিরোধী নয়, বাংলা থেকে মমতার সরকারকে উৎখাতের ডাক দিয়ে বললেন শুভেন্দু
রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জাল নথি দিয়ে রাজ্যে বসতি স্থাপনে "সাহায্য" করছে তৃণমূল কংগ্রেস। এভাবেই রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা হচ্ছে। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে 'বিজয় সংকল্প' র্যালিতে ভাষণ দেওয়ার সময় শুভেন্দু জানান, আগামী বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত না হয়, তাহলে রাজ্যের জনবিন্যাস পরিবর্তন হতে বেশি দিন লাগবে না।

শুভেন্দু এদিনের সভা থেকে জোর দিয়ে বলেন, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরোধী নয়। তাঁর কথায়, "আমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরোধী। বিজেপি ক্ষমতায় এলে তাদের চিহ্নিত করা হবে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং অবশেষে তাদের বিতাড়িত করা হবে।"
তৃণমূল ও বামেরা বিজেপিকে মুসলিম বা সংখ্যালঘু-বিরোধী বলে আক্রমণ করে থাকে। সেই তকমা ঝেড়ে ফেলতে বিজেপি যে বিধানসভা নির্বাচনের আগে মরিয়া এদিন শুভেন্দুর কথায় তা স্পষ্ট। তিনি বলেন, "আমি কখনও বলিনি যে আমাদের মুসলিম ভোটের প্রয়োজন নেই... বরং আমি অবাক হয়েছি যে আমরা তাঁদের (মুসলিম) ভোট পাচ্ছি না কেন? আমার মনে হয়, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তৃণমূল মুসলিমদের ব্যবহার করছে। তাঁরা কি মোদীজির (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) সমাজকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাননি? মোদীজির নেতৃত্বে বিজেপি মুসলিম-সহ প্রতিটি অংশ, প্রতিটি সম্প্রদায়ের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়।"
শুভেন্দু আরও বলেন, তৃণমূলের শাসনকালে রাজ্যে হিন্দুর সংখ্যা ক্রমেই কমছে। তাঁর মতে, ২০২৭ সালের আদমশুমারিতে হিন্দুদের সংখ্যা ৮৫ শতাংশ থেকে কমে ৬৫ শতাংশে চলে আসবে। শুভেন্দুর কথায়, "বাংলাদেশে হিন্দুরা গুরুতর সংকটের মুখে। আমরা আশঙ্কা করি, জনবিন্যাসের পরিবর্তন ঠেকানো না গেলে এখানেও তাঁদের একই পরিস্থিতিতে পড়তে হবে।"
সম্প্রতি দুর্গাপুরে এক মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজ্যের বিভিন্ন জেলায় মহিলা মেডিক্যাল কর্মী ও একটি সরকারি হাসপাতালে এক নাবালিকাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। শুভেন্দু বলেন, "এটা লজ্জার বিষয় যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে রাজ্যে মহিলারা নিরাপদ নন এবং বাংলার মানুষের লজ্জায় মাথা হেঁট হচ্ছে। কামদুনি থেকে আরজি কর হয়ে দুর্গাপুর পর্যন্ত ধর্ষকরা বেপরোয়া এবং বাংলায় অপরাধ করতে সাহস পাচ্ছে।" কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও "পশ্চিমবঙ্গকে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার আহ্বান জানান।












Click it and Unblock the Notifications