Suvendu Adhikari: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকছেন না শুভেন্দু! কী বললেন তিনি!
তাহলে কি আর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকছেন না শুভেন্দু অধিকারী? সেই ইঙ্গিত আরও জোরালো করে দিলেন তিনি নিজেই। " জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন। সেদিন থেকে ওদের সঙ্গে নেই। " পরিষ্কার বললেন শুভেন্দু অধিকারী।
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দুজনে জুনিয়র ডাক্তারদের পক্ষে বক্তব্য রেখেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু গতকাল রবিবার বিরূপ মন্তব্য শোনা যায় তাঁদের থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক জুনিয়র চিকিৎসকদের। সেই ঘটনা দুই বিজেপি নেতৃত্ব ভালোভাবে নেননি। এ কথা পরিষ্কার তাঁদের বক্তব্যে।

এবার আরও এক কদম এগিয়ে সোজাসাপটা মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, " জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন, সেদিন থেকে ওঁদের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়।" তিনি আরও বলেন, "আরজি করে ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।"
গতকাল রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছিলেন। পেট্রাপোল সীমান্তে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেই মঞ্চ থেকে রাজ্য সরকারের সমালোচনা করেন। ২০২৬ সালের ভোটে বদলের ইঙ্গিত করেছেন অমিত শাহ। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে উন্নয়ন হবে। এই বার্তা দিয়েছেন তিনি।
সেই বিষয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, " অমিত শাহজির মন্তব্যের পরে আমি মন্তব্য করব কেন? উনি নেতা, আমি কর্মী। উনি কাল এক কোটি সদস্য করতে বলেছেন। সেই কাজটা করছি।" তবে শুভেন্দু দাবি করেন, " পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক ভোট হলে, কোনও হিন্দু, সনাতনী ও জনজাতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না।"
পশ্চিমবঙ্গে গত উপনির্বাচনে আমরা দেখেছি, চারটে কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শুধু বিজেপির হিন্দু ভোটার নয়, তৃণমূল ও সিপিএমের হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি।" এই অভিযোগ সোমবার করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন তিনি ঝাড়খণ্ড উড়ে যান। দুর্গাপুরের অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমান বন্দর থেকে ঝাড়খণ্ড গিয়েছেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications