মুকুলকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও নয়, এবার হাইকোর্টের দরজায় কড়া নাড়ছেন শুভেন্দু
মুকুলকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও নয়, এবার হাইকোর্টের দরজায় কড়া নাড়ছেন শুভেন্দু
বিধায়ক পদ খারিজের শুনানি এড়াতে বিধানসভার স্পিকারকে চিঠি লেখেন মুকুল রায়। শরীর খারাপের দোহাই দিয়ে তিনি জানান আরও এক মাস অন্তত শুনানি পিছনোর জন্য। মুকুলের এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপের পরেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দেন।

দলত্যাগ আইন কার্যকর মামলা, মুকুল রায় গরহাজির
মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকর মামলার শুনানির কথা ছিল। কিন্তু মুকুল রায় শুনানিতে উপস্থিত হননি। উল্টে তিনি চিঠি লিখে এক মাস সময় চান স্পিকারের কাছে। তিনি বলেন, তাঁর শরীর ভালো নেই। সেই কারণেই তিনি সময় চান।

শুভেন্দুরা হাজির, শুনানিতে মুকুলের বার্তা চিঠি লিখে
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলরার শুনানিতে যথাসময়ে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অম্বিকা রায়, আইনজীবী সায়ক চক্রবর্তী ও বিল্বদল ভট্টাচার্য। কিন্তু তাঁরা গিয়ে জানতে পারেন মুকুল রায় আসছেন না। তিনি চিঠি লিখে এক মাস সময় চেয়েছেন।

মুকুল রায়ের আবেদনই মান্যতা পেল স্পিকারের সিদ্ধান্তে
এরপর পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। তিনি বলেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ সেপ্টেম্বর। স্পিকারের এই ঘোষণায় স্পষ্ট মুকুল রায়ের আবেদনই মান্যতা পেল। প্রায় ১ মাস সময় পেয়ে যাচ্ছেন মুকুল রায়।

আগামী সপ্তাহেই আমি হাইকোর্টের দ্বারস্থ হব, বললেন শুভেন্দু
এরপর মুকুল রায়ের বিরুদ্ধে বিধায়ক খারিজের মামলাটিকে হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। আইনজীবীদের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী জানান, সংবিধানের দশম তফশিলে বলা আছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে। সেই দাবি নিয়েই আগামী সপ্তাহেই আমি হাইকোর্টের দ্বারস্থ হব।

বিষয়টির যেহেতু দ্রুত নিষ্পত্তি প্রয়োজন, দ্বারস্থ হাইকোর্টের
এদিন মুকুল রায়ের চিঠি নিয়েও কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চিঠিতে মুকুল রায়ের কোনও বয়সের উল্লেখ নেই। আবার কোনও তারিখও নেই চিঠিতে। এই চিঠি কোনওমতোই গৃহীত হতে পারে না। এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তাই অবিলম্বে তিনি এই আইন কার্যকরের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন।

অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হাইকোর্টে শুভেন্দু
শুভেন্দু অধিকারীর কথায় গত ১০ বছরে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয়নি। গাজোলের বিধায়কের ২৩ বার শুনানি হয়েছে, কিন্তু কোনও নিষ্পত্তি হয়নি মামলার। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা হাইকোর্টে যাওয়া সিদ্ধান্ত নিয়েছি। মূলত দুটি দাবিকে সামনে রেখে তাঁরা যাচ্ছেন হাইকোর্টে।

দ্রুত দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে
শুভেন্দু বলেন, কলকাতা হাইকোর্টে মামলা করে আমরা দাবি জানাব, দ্রুত দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে। অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে। এবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে মামলাটিও কলকাতা হাইকোর্টে গেল। এর আগে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার বিষয়ে কলকাতা হাইকোর্টে আগেই একটি মামলা করেছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

সবাইকে ন্যাচারাল জাস্টিস দিতেই সিদ্ধান্ত স্পিকারের
শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের দরজা সবার জন্য সবসময় খোলা আছে। যে কেউ আদালতে যেতে পারেন। আমি নিয়ম মেনেই এই মামলা এগিয়ে নিয়ে যাচ্ছি। যে চেয়ারে বসে আছি, তার পবিত্রতা বজায় রাখার জন্য যা করার করব। আমাকে তো সবাইকে ন্যাচারাল জাস্টিস দিতে হবে।

মুকুলের বিরুদ্ধে দুটি মামলাই এবার হাইকোর্টে
২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়। তারপর ৪০ দিনের মাথায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও তাঁকে বিজেপি বিধায়ক হিসেবে দেখিয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। তারপর জোড়া মামলা হয় মুকুল রায়ের বিরুদ্ধে। একটি মামলা স্পিকারের কাছে, অন্যটি হাইকোর্টে। এবার দুটি মামলাই গেল হাইকোর্টে।

শুনানি শেষ মাত্র ১৫ মিনিটে, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
মঙ্গলবার বিধানসভার স্পিকারের কাছে লেখা চিঠিতে মুকুল রায় উল্লেখ করেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আরও একমাস সময় দেওয়া হোক। মুকুল রায়ের অনুপস্থিতিতে এই মামলার শুনানি শেষ হয় মাত্র ১৫ মিনিটে। স্পিকার পরবর্তী শুনানির দিন ধার্য করেন মুকুল রায়ের আবেদনকে মান্যতা দিয়েই। শুভেন্দুর তার পরিপ্রেক্ষিতেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications