Suvendu Adhikari: গড়বেতা থেকে 'নিশ্চিত' ৮ আসন উল্লেখ! তৃণমূলকে নিয়ে 'দ্বিচারী' অধীরকে হারানোর ডাক শুভেন্দুর
Suvendu Adhikari: যেখান থেকে সাহায্য পেয়েছেন, সেখানেই বিশ্বাস ঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গড়বেতায় কার্যত এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলকে নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেছেন। রাজ্যের ৩৫-এর বেশি আসন অমিত শাহের হাতে তুলে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা কথা বলেন। এদিন গড়বেতায় দলীয় সভায় এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ৯৮ সালের আগে মমতাকে পরিচিতি দিয়েছিল রাজীব গান্ধী। ৯৮ তে কংগ্রেসের মুখে সেই প্রতিদান ছুঁড়ে দিয়েছেন মমতা। আর ৯৮-এর পর রাস্তায় রাস্তায় ঘুরতেন মমতা। পরে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়িজি আশ্রয় দিয়েছিলেন। মমতার বাড়িতে গিয়ে তাঁর মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সেই মমতা এখন বলছেন প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়াবেন।

বিরোধী দলনেতা বলেন, কালীঘাটে দুটো প্রাসাদসম বাড়ি আছে। যা লিপস এন্ড বাউন্ডস এর সম্পত্তি। ইডির কাছে দুটো বাড়ি বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দু'টি বাড়ি দ্রুত অকশন করতে হবে। তাঁর হাতে লোক রয়েছে। ওই দুটো বাড়ি কিনে অনাথ আশ্রম তৈরি করবে। ভারত সরকারের তদন্তকারী সংস্থা যেভাবে আদালতের নির্দেশে কাজ করছে, তাতে জনগন আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।
এসএসকেএমে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, বিষয়টি বিচারাধীন। তবে দুর্নীতিকে উপড়ে ফেলতে আদালত বড় ভূমিকা নিয়েছে। তিনি এসএসকেএমের সিসিটিভি ফুটেজ তদন্ত করার দাবি করেছেন। কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠাবসার অভিযোগ করে তিনি বলেছেন, এঁরা এই জায়গাটাকে পাঁচতারা হোটেল বানিয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ও আগে দিল্লিতে থাকতো, দলের কিছুই জানত না। ২০১১-র ২১ জুলাই ব্রিগেডে নেমে তৃণমূল যুবার ঘোষণা করে। ঠিক হয় পান্তা খাওয়া গামছা গায়ে গ্রামের ছেলে শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে, আর কিছু শহরের লোক ও পরিবারের হাতে পুরো বিষয়টিকে তুলে দিতে হবে। পরের সাড়ে বারো বছর ইতিহাস। সেখানে তৈরি হয়েছে, কয়লা চোর, বালু চোর, গাছ পাচার, চাল গম পাচার, পায়খানা খাওয়া তৃণমূল।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, গত সাড়ে চার বছরে সংসদে অধীর চৌধুরীর স্পিচ নিয়ে সিডি বানাচ্ছেন। যা বহরমপুরের মানুষকে শোনানো হবে। রাজ্যে তৃণমুলকে চোর বলা, আর দিল্লিতে মহুয়া মৈত্রের মতো সাংসদকে সমর্থন করেছেন তিনি। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সাধারণ মানুষ জেনে গিয়েছে এবার বহরমপুরে হারবেন অধীর চৌধুরী।
লোকসভা ভোটে রাজ্যে বিজেপির টার্গেট ৩৫ আসন। এব্যাপারে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ৩৫ আসন পার করে অমিত শাহকে উপহার দেওয়া হবে। এক্ষেত্রে তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, আরামবাগ, ঘাটাল মোদীজিকে দেবেন। তারপরেই তৃণমূলের অবস্থা খারাপ হবে এবং ভাইপো গায়েব হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। আর রাজ্যে বিজেপিক সরকার হলে শুরু হবে অন্নপূর্ণা প্রকল্প। সেখানে মায়েদেরকে প্রতিমাসে দু হাজার টাকা করে দেওয়া হবে। গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে মাত্র ৪৫০ টাকা।












Click it and Unblock the Notifications