এসআইআরকে ভয় পাওয়াতেই মুখ্যমন্ত্রীর মুখে গুন্ডাদের ভাষা! মমতাকে ডেডলাইন বেঁধে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সময় বেঁধে দিলেন সোমবার পর্যন্ত।
মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে। যা সময়মতো সামনে আনবেন। সেই অভিযোগগুলি সোমবারের মধ্যে সামনে আনতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু।

শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রী দুর্নীতির যে অভিযোগের কথা বলেছেন তা ১৩ অক্টোবরের মধ্যে প্রমাণ করতে হবে। অন্যথায় ধরে নেওয়া হবে যে মুখ্যমন্ত্রী অসত্য বলছেন। শুভেন্দু আরও অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধভাবে জুনিয়র অফিসারদের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ইআরও) হিসাবে নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।
শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বাস্তবায়ন নিয়ে ভীত। তাই তিনি রাজ্যের নির্বাচন কর্মকর্তাদের ভয় দেখানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তৃণমূল কংগ্রেস-সমর্থিত বহু ভুয়ো ভোটার রয়েছে। শাসক দল ভয় পাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় তাঁদের নাম বাদ পড়ে যাবে।
শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদে থাকাকালীন সিইও-র বিরুদ্ধে অনিয়মের ইঙ্গিত দিয়েছেন। তিনি আরও দাবি করেছেন যে, এসআইআর অনুশীলনের পিছনের ষড়যন্ত্রের প্রমাণ তাঁর কাছে আছে। সোমবার বিকেল ৫টার মধ্যে তিনি যেন প্রমাণ সামনে আনেন। অন্যথায়, আমরা ধরে নেব যে তিনি মিথ্যাচার করছেন। আমরা ধরে নেব তিনি এসআইআর-এর সম্ভাবনা নিয়ে ভীত এবং অবৈধ ভোটারদের সুবিধা দিতে নির্বাচন কমিশনের আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করছেন।"
রাজ্য জুড়ে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ইআরও) নিয়োগে "অসংখ্য অসঙ্গতি"র বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের দাবিতে একটি স্মারকলিপি জমা দিতে শুভেন্দু এদিন নির্বাচন কমিশনের সিইও-র কার্যালয়ে গিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেন যে, মনোজ আগরওয়াল এবং সিইও কার্যালয়ের আরও কয়েকজন আইএএস আধিকারিক পশ্চিমবঙ্গ ক্যাডারের এবং রাজ্যের অধীনে বিভিন্ন পদে কাজ করেছেন। যদি কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকে, যাঁরা আগে বিভিন্ন বিভাগে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় কাজ করেছেন, তবে এই অনিয়মগুলি মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারেই ঘটেছিল এবং তা ধামাচাপা দেওয়া হয়েছে। উনি আসলে ভয় পাচ্ছেন বলেই গুন্ডাদের ভাষায় কথা বলছেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, "আমার নজরে এসেছে যে অনেক জেলা ম্যাজিস্ট্রেট ইসিআই-এর নির্দেশিকা লঙ্ঘন করে সিনিয়র ডব্লিউবিসিএস এগজিকিউটিভ অফিসারদের উপেক্ষা করে জুনিয়র অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করেছেন। এমন ২২৬টি নিয়োগ করা হয়েছে। এই অপকর্ম আমাদের নির্বাচনী প্রক্রিয়ার সততাকে ক্ষুণ্ণ করে।"












Click it and Unblock the Notifications