Murshidabad: মুর্শিদাবাদের দুর্গত হিন্দুদের সাহায্যের আবেদন শুভেন্দুর, মালদহে কন্ট্রোল রুম খুলছে বিজেপি
Suvendu Adhikari: ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে মুর্শিদাবাদে ব্যাপক হিংসার আগুন ছড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের। আহত একাধিক। হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে ঘরছাড়া পর্যন্ত করা হয়েছে। এমতাবস্থায় মুর্শিদাবাদের হিন্দুদের জন্য সাহায্যের আহ্বান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এক্স পোস্টে বিরোধী দলনেতা লেখেন, মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান ও ফরাক্কা-সহ বিভিন্ন এলাকায় হিন্দু পরিবারগুলির অবস্থা সমীচিন। শয়ে শয়ে হিন্দুরা ভিটেমাটি ছেড়ে প্রতিবেশী জেলাগুলিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। যারা বের হতে পারেননি, তারা সামান্য জল-খাবারটুকুও পাচ্ছেন না। তাদের বাড়িঘর ভেঙে লুঠ করে নেওয়া হয়েছে সর্বস্ব। এমনকী পুকুর ও কুয়োর জলেও বিষ মিশিয়ে দেওয়া হয়েছে।

তবে বিএসএফের সহযোগিতায় কিছু মানুষ বাড়ি ফিরতে পেরেছেন বলে জানান শুভেন্দু অধিকারী। এই সমস্ত দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পুলিশ ও প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষকর্তারা কাউকে সেখানে যেতে দিচ্ছেন না বলে অভিযোগ। এব্যাপারে সুরাহা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে ইমেল করেও লাভ হয়নি বলে দাবি শুভেন্দুর।
এমতাবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে এগিয়ে আসার অনুরোধ বিরোধী দলনেতার। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ও ইসকনের কাছে মুর্শিদাবাদের দুর্গত হিন্দুদের জন্য ত্রাণ সাহায্যের অনুরোধ জানালেন বিরোধী দলনেতা। খাবার ও পানীয় জল-সহ অন্যান্যভাবে সাহায্য করার জন্য অনুরোধ জানালেন তিনি। এব্যাপারে স্থানীয় কোনও যোগাযোগের প্রয়োজন হলেও তিনি নিজে থেকে উদ্যোগী হবেন বলে জানান শুভেন্দু। প্রয়োজনে বিরোধী দলনেতাকে মেলও করা যেতে পারে। ইমেল অ্যাড্রেস adhikarisuvenduwb1@gmail.com দিয়ে জানালেন শুভেন্দু।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও সাহায্য প্রার্থনা শুভেন্দুর। রেড ক্রস সোসাইটির রাজ্য ইউনিটকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তারা যাতে উপদ্রুত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রদানের ব্যবস্থা করেন, সেই অনুরোধ জানান শুভেন্দু। এদিকে মালদহে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের ধুলিয়ানের দুর্গতরা। এদিন সেখানে উপস্থিত হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মালদা শহর বিজেপি পার্টি অফিসে কন্ট্রোল রুম পরিদর্শন করবেন সুকান্ত। দুর্গতরা সেখানে ফোন করলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হবে, তারপর ওই সব এলাকায় পৌঁছবে BSF, প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর নগর এলাকার পার লালপুর হাই স্কুলে, ধুলিয়ান হিংসায় আতঙ্কে যে সমস্ত গ্রামবাসীরা ঘর ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন, তাদের সঙ্গে দেখা করতে যাবেন সুকান্ত মজুমদার। বাড়ি ফেরার পথে মোথাবাড়ির বাসিন্দাদের সঙ্গেও দেখা করার কথা রাজ্য বিজেপির সভাপতির।












Click it and Unblock the Notifications