বিজেপিতে পা বাড়িয়ে থাকা নেতাদের তালিকা দিলেন শুভেন্দু, পঞ্চায়েতের আগে জল্পনা
প্রায় প্রতিদিনই একটা না একটা দল ছেড়ে অন্য দলে নাম লেখানোর ধারা বজায় রয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদল নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।
মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পর থেকেই দলবদল নিয়ে চাপানউতোর শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। এর মধ্যে ঢুকে পড়েছে সিপিএম-কংগ্রেসও। প্রায় প্রতিদিনই একটা না একটা দল ছেড়ে অন্য দলে নাম লেখানোর ধারা বজায় রয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদল নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

উত্তর ২৪ পরগনার নোয়াপাড়়া বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাম জমানায় যাঁদের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ উঠত, এথন তাঁরাই দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। নন্দীগ্রামের রক্ত লেগে রয়েছে লক্ষ্মণ শেঠের হাতে। নন্দীগ্রামের সেই খুনিকে জায়গা দিয়েছে বিজেপি।'
শুভেন্দুর অভিযোগ, 'এবার গড়বেতার তপন-সুকুর, কিংবা শাসনের মজিদ মাস্টারদেরও দেখা যাবে বিজেপিতে। লক্ষ্মণ শেঠ যদি বিজেপির কেষ্ট-বিষ্টুদের একজন হতে পারেন, আগামীদিনে শাসনের মজিদ মাস্টার, মঙ্গলকোটের বাবলু হাঁসদারি, কিংবা গড়বেতার তপন-সুকুরদের দেখা যেতে পারে ভারতীয় জনতা পার্টিতে।'
এদিন তিনি বাম জমানায় অভিযুক্তদের তালিকা দিয়ে বলেন, এঁরাই ভবিষ্যৎ বিজেপির। সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে আশ্রয় নিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর কথায়, 'আসলে সবই নতুন বোতলে পুরনো মদ। এখন শুধু লাল জামা খুলে গেরুয়া জমা পরে নেওয়ার পালা চলছে।' শুভেন্দু বলেন, 'সেই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টির নাম পরিবর্তন করে দিয়েছি। ভারতীয় জনতা পার্টির বর্তমান নাম হল ভারতীয় জঞ্জাল পার্টি।'
এদিন নোয়াপাড়ার মঞ্চে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন শুভেন্দু। তিনি বলেন, 'বিজেপি জিএসটি চালু করে সাধারণ মানুষের বাড়া ভাতে ছাই তুলে দিয়েছে। সোনা বা হিরেতে জিএসটি ধার্য করা হয়েছে ৩-৪ শতাংশ। আর রান্নার মশলায় জিএসটি ধার্য হয়েছে ১৪ শতাংশ।'
তিনি আরও বলেন, 'দেশের প্রতিটি মানুষের অ্যাকাউন্টে যে ১৫ লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন নরেন্দ্র মোদী, সে টাকা আজ অ্যাকাউন্টে ঢোকেনি। কিন্তু স্বঘোষিত আম আদমির সরকার সাধারণ মানুষকে কিছুই দেননি। মোদী জমানায় আসছে দিন এখনও আসেনি, সবুই বুরা দিনে রূপান্তরিত হয়েছে।'












Click it and Unblock the Notifications