বিজেমূল নিয়ে সূর্যকান্তের 'বিরোধিতা' সুশান্তের, সিপিএম-এর হার নিয়ে ধরিয়ে দিলেন দলের দুর্বলতা
বিজেমূল নিয়ে সূর্যকান্তের 'বিরোধিতা' সুশান্তের, সিপিএম-এর হার নিয়ে ধরিয়ে দিলেন দলের দুর্বলতা
দলীয় সমর্থকদের একটা অংশ সিপিএম (cpim)-এর বিজেমূল (bijemul) তত্ত্বের বিরোধিতা করে নো ভোট টু বিজেপিতে সামিল হয়েছিল। এই বিজেমূল স্লোগান যে ভুল ছিল তা সম্প্রতি দলের অনুষ্ঠানে স্বীকার করে নিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)। যদিও এর সঙ্গে তিনি একমত নন বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ (sushanta ghosh)।

বিজেমূল স্লোগানে বিভ্রান্তি বলেছিলেন সূর্যকান্ত
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, বিধানসভা ভোটের আগে তৃণমূল ও বিজেপিকে সারিতে রাখা হয়েছিল। পাশাপাশি দুদলের মধ্যে সংযোগের অভিযোগ করে বিজেমূল স্লোগান ব্যবহার করা হয়েছিল। কিন্তু তার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল ছিল না বলে মন্তব্য করেছিলেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছিলেন, বিজেপির সঙ্গে অন্য কোনও দলকে এক করে দেখা উচিত নয়, কিন্তু ভোটের আগে তাই করা হয়েছিল। আসল শত্রু কে তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক।

বিজেমূলে ভুল নেই, মত সুশান্ত ঘোষের
এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন, দলের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তার বিরোধিতা তিনি করতে পারেন না। কিন্তু তাঁর ব্যক্তিগত মত হল, বিজেমূল স্লোগানে কোনও ভুল ছিল না। কেননা এই স্লোগানে তিনি কোনও ভুল পাননি। তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্যে তৃণমূল সরকার তৈরি হওয়ার আগে পর্যন্ত বামেদের বিরুদ্ধে যা লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সবকটিতেই বিজেপির সাহায্য ছিল। তৃণমূল এবং বিজেপি আলাদা কোথায় প্রশ্ন করেন তিনি।

উদাহরণ পিএসির চেয়ারম্যান মুকুল রায়
সুশান্ত ঘোষ বলেন বিজেপিমূল তত্ত্বের সব থেকে বড় উদাহরণ হল, বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন। তিনি বিজেপির টিকিটে বিধায়ক হলেও, তৃণমূলের সদস্য। সুশান্ত ঘোষ এদিন দাবি করেন, দলের মধ্যে চর্চা হলেও, এব্যাপারে এখনও এব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দলের নিচু তলা থেকে উঁচু তলা পর্যন্ত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

মানুষের কাছে বিকল্পের বার্তা পৌঁছয়নি
সুশান্ত ঘোষ বলেছেন, তিনি মনে করেন, মানুষের কাছে বিকল্পের বার্তা নিয়ে সঠিক ভাবে পৌঁছনো যায়নি। সেটাই বড় দুর্বলতা। সেই কারণেই মানুষ বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে ভোট দিয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল কিংবা বিজেপি কেউই বিকল্প নয়।












Click it and Unblock the Notifications