ইস্তেহারেই বড় চমক! ‘মেয়ে' থেকে ‘মা', নতুন স্লোগানে ভোটযুদ্ধে তৃণমূলের বার্তা
নির্বাচনের মুখে নতুন সুরে বার্তা দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। দলীয় ইস্তেহার প্রায় চূড়ান্ত, আর সেই ইস্তেহারকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। খুব শীঘ্রই তা প্রকাশ্যে আসতে পারে বলেই জানা যাচ্ছে, আর সেই ঘোষণার দিকেই এখন তাকিয়ে রাজ্যের ভোটাররা।
গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার বা যুব সাথীর মতো উদ্যোগের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের হাতে। নির্বাচনের আগে সেই সুবিধা আরও কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে। ফলে, আসন্ন ইস্তেহারেও সেই ধারাকে বজায় রেখে নতুন চমক থাকতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

তবে শুধুই প্রকল্প নয়, এবার ভোটের ময়দানে 'বাংলা অস্মিতা'কেও বড় ইস্যু করতে চাইছে শাসকদল। বাঙালির সম্মান ও পরিচয়কে সামনে রেখেই আগেও সরব হয়েছে তৃণমূল। ভিনরাজ্যে বাঙালিদের প্রতি আচরণ নিয়ে প্রতিবাদের সুরও শোনা গিয়েছে। সেই আবেগকেই আবারও ভোটের কৌশলে ব্যবহার করতে চাইছে দল।
সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে স্লোগানে। ২০২১ সালে যেখানে 'বাংলা নিজের মেয়েকেই চায়' ছিল মূল বার্তা, সেখানে ২০২৬ এর নির্বাচনে সামনে আসছে নতুন আহ্বান "যে লড়ছে সবার ডাকে, সেই বাঁচাবে বাংলা মা কে।" 'মেয়ে' থেকে 'মা' এই রূপান্তরের মধ্যেই বৃহত্তর আবেগ ও দায়িত্ববোধের বার্তা দিতে চাইছে দল।
এখন প্রশ্ন একটাই এই নতুন ইস্তেহারে সাধারণ মানুষের জন্য ঠিক কী কী প্রতিশ্রুতি থাকছে, আর সেই প্রতিশ্রুতি ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। নির্বাচনের আগে সেই উত্তরই খুঁজছে গোটা রাজ্য।












Click it and Unblock the Notifications