সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ। তবে রায়দান স্থগিত রাখল বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ। কারও কিছু বক্তব্য থাকলে লিখিত আকারে দেওয়া যাবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, রাজ্য সরকারকে আগেই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহ সময় দেওয়া হলেও তার মধ্যেও রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দিতে পারেনি।

আদালতের কাছে আরও ৬ মাস সময় চাওয়া হয়েছিল। এরপর ৪ থেকে ৭ অগাস্ট রোজ শুনানি চলে। ১২ অগাস্ট শুনানি পিছিয়ে যায়। জানা গিয়েছিল, রাজ্যের আইনজীবী কপিল সিবাল এসআইআর মামলায় ব্যস্ত ছিলেন। সে কারণেই শুনানি পিছিয়ে যায়।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্যকে ডিএ দিতে হবে, এই দাবি রেখেই শুরু হয়েছিল মামলাটি। আজ কপিল সিবাল রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে বলেন, রাজ্য তাদের মতো করে ডিএ দিতেই পারে। কেন্দ্র তার মতো করে দেবে। তবে কেন্দ্র কখনও রাজ্যগুলির উপর ডিএ-র শর্ত আরোপ করতে পারে না। জীবনযাত্রার জন্য ব্য়য়, জায়গার কথা মাথায় রাখা দরকার। শুধু আর্থিক সক্ষমতা দিয়ে বিচার করলে চলে না।
একটি মামলাকারী সরকারি কর্মী সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ২০১০ সালের পর থেকে রাজ্য সরকার নিজেদের অবস্থান বারবার বদলেছে। কোন নীতি মানা হয়েছে তা স্পষ্ট নয়। মামলাকারী অপর একটি সংগঠনের আইনজীবী করুণা নন্দী বলেন, আইনে ডিএ নিয়মিত দেওয়ার কথা বলা রয়েছে। কিন্তু রাজ্য সরকার তাদের অবস্থান ব্যাখ্যা করেনি।
মামলাকারী কর্মচারী সংগঠনগুলির সাফ কথা, বেতন কমিশনের সুপারিশ মেনেই নির্দিষ্ট সময় ডিএ দিতে হবে। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক। জানা যাচ্ছে, সরকারপক্ষের আইনজীবী জানিয়ে দিয়েছেন সরকারের তরফে আর কিছু বলার নেই। ফলে আদালতে পরে রাজ্য সরকার আর কিছু বলতে পারবে না বলে আশাবাদী মামলাকারীরা। আপাতত রায়দান স্থগিত থাকলেও মামলা জেতার বিষয়েও আশাবাদী তাঁরা।
রাজ্য সরকারের অবস্থানের প্রতিবাদে কর্মচারী সংগঠনগুলির ডিএ আদায়ের দাবিতে মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিলেও সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সে সময় হাইকোর্ট বলেছিল, ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার এবং তাঁরা কেন্দ্রীয় হারেই ডিএ পাওয়ার যোগ্য।












Click it and Unblock the Notifications