SIR বিতর্কে স্বচ্ছতার নির্দেশ! প্রকাশ্যে আনতে হবে অসঙ্গত ভোটারের তালিকা, দিতে হবে এই রসিদ, জানাল সুপ্রিম কোর্ট
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনকে এবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে যে, তথ্যগত অসঙ্গতির কারণে যাঁদের যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের সম্পূর্ণ তালিকা সাধারণ মানুষের সামনে প্রকাশ করতে হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, এই তালিকা রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। সেইসঙ্গে, শুনানির সময় যদি কোনও ভোটারের কাছ থেকে নথি নেওয়া হয়, তাহলে অবশ্যই লিখিত রসিদও দিতে হবে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে, প্রথমে তথ্যগত অসঙ্গতির জন্য ১ কোটিরও বেশি ভোটারকে চিহ্নিত করা হলেও পরে সেই সংখ্যা কমে প্রায় ৯৪ লক্ষে এসে দাঁড়ায়। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিসও পাঠানো হচ্ছিল। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল আপত্তি জানায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে প্রশ্ন করেন যে, কিসের ভিত্তিতে এত মানুষের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
এই নিয়ে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশ দেয় যে, সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষ যেন সহজেই নিজেদের অভিযোগ জানাতে পারেন, সেই ব্যবস্থাও করতে হবে।
আদালত আরও জানায় যে, প্রতিটি ব্লক অফিসে আলাদা করে কাউন্টার খুলে ভোটারদের নথি জমা দেওয়ার সুযোগ দিতে হবে। সেইসঙ্গে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়াও বলা হয়েছে যে, SIR সংক্রান্ত কাজের জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় কর্মীও দিতে হবে। ভোটার চাইলেই পরিবারের কেউ, বিএলএ অথবা অনুমোদিত অন্য কোনও ব্যক্তির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর অথবা আঙুলের ছাপসহ অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক।












Click it and Unblock the Notifications