বাংলায় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ের দায়িত্বে সার্চ কমিটি, নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলায় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কি সেই জটিলতা কাটবে? সার্চ কমিটি তৈরির নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। এই সার্চ কমিটি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদের জন্য তিনটি করে নাম বাছাই করবে।
সোমবার সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজভবন ও নবান্ন তাদের ভাবনা থেকে সরে আসছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাতের কথাও জানিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজভবনে দুজনের মধ্যে আলোচনাও হয়। কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতার অবসান হয়নি।

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নিজেই এই বিষয়ে পদক্ষেপ করল। সার্চ কমিটি তৈরির কথা জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। সার্চ কমিটির নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। এছাড়াও আরও কয়েকজন সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। এই কথা সোমবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এই সার্চ কমিটির কাজ হবে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদে যোগ্য ব্যক্তির নামের তালিকা তৈরি করা। এই কমিটি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিন জন ব্যক্তিকে বাছাই করবেন। সেই তালিকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাবে। তিনি সেই তালিকা থেকে উপাচার্য হিসেবে একজনকে বেছে নেবেন।
সেই নাম এরপর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পৌঁছাবে। রাজ্যপাল সেই নামকে তারপর চূড়ান্ত করবেন। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়া তিন মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে। এজন্য রাজ্য সরকারকে বিজ্ঞাপন দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। উপাচার্য পদে নিয়োগের জন্য এই বিজ্ঞাপন প্রকাশিত হবে। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা লেখা থাকবে। এ কথাও এদিন পরিষ্কার করেছে মহামান্য আদালত।
দুই সপ্তাহের মধ্যে নাম নির্বাচন করতে হবে। প্রাথমিক পর্যায়ে সার্চ কমিটি এই নাম নির্বাচন করবে। এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতা চলছে। প্রায় ৩০ টি বিশ্ববিদ্যালয়ে এই জটিলতা রয়েছে বলে খবর। একাধিক কাজকর্মে সমস্যা দেখা দিয়েছে স্থায়ী উপাচার্য না থাকায়। এবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিজেই পদক্ষেপ করল।
কিন্তু এরপরেও জটিলতা যদি না থাকে? মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, দুজনের মধ্যে সিদ্ধান্তের সমন্বয় যদি না হয়? সেক্ষেত্রে ফের সুপ্রিম কোর্টে আসা যাবে। দু'পক্ষই সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন করতে পারবে। এই কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত।












Click it and Unblock the Notifications