রবিবার হতে চলেছে ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষা
রবিবার হতে চলেছে ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষা
করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই করোনা আবহে আগামী ৩১ জানুয়ারি, রবিবার হতে চলেছে ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষা। তার ঠিক একদিন আগে প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

নির্দেশিকায় পর্ষদ জানিয়েছে,
১) পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরা বাধ্যতামুলক। নাহলে তাঁদের পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢোকার অনুমতি মিলবে না।
২) কোনওরকম ব্যাগ নিয়ে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
৩) লেখার জন্য পরীক্ষার্থীরা শুধুমাত্র কালো কালির বল পেন ব্যবহার করতে পারবেন।
৪) পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড।
৫) পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা যাবে না।
৬) পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রের যুগ্ম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি-সহ অন্যান্য কর্মীদেরও মোবাইল ফোন বন্ধ করে একটি লকারে রেখে দিতে হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এই সংক্রান্ত এক মামলায় টেট পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে করোনা বিধি মেনে পরীক্ষা নেওয়া হয় তার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ করোনা বিধি মেনে যেমন পরীক্ষা কেন্দ্রগুলোতে স্যানিটেশন করা, পরীক্ষার্থীদের প্রবেশের আগে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার এবং দূরত্ব বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে বসা নির্দেশ দেয়। সেই নির্দেশিকা মেনেই এদিন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ। দুপুর ১টা থেকে শুরু হবে পরীক্ষা। পূর্ণমান ১৫০। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মোট ২ ঘণ্টা ৩০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। ২০১৭ সালের ১২ মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা আবেদন করেছিলেন একমাত্র তাঁরা এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।












Click it and Unblock the Notifications