হাইকোর্টে ভুল স্বীকার করলেন সুখেন্দু শেখর রায়, পোস্ট ডিলিট করলেন তৃণমূল সাংসদ?
গতকাল পর্যন্ত তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন। কিন্তু আজ মঙ্গলবার সেই বিদ্রোহ আর থাকল না। বরং নিজেই ভুল স্বীকার করলেন। এক্স হ্যান্ডেলে আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এদিন তিনি আদালতে তাঁর ভুল স্বীকার করলেন।
আরজি কর কাণ্ডে টুইট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ সেই টুইটে শুরু হয়েছিল বিতর্ক৷ রাজ্যের শাসক দলও পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে পড়েছিল৷ এরপর কলকাতা পুলিশ লালবাজারে সাংসদকে তলব করেছিল। দুই বার তাকে রবিবার ডাকা হয়েছিল। কিন্তু সাংসদ সেখানে যাননি।

সোমবার সকালে হাইকোর্টের দ্বারস্থ হন শুখেন্দু শেখর রায়। গ্রেফতারির আশঙ্কা করেছিলেন তিনি। মামলা দায়েরের অনুমতিও মিলেছিল। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি হয়। হাইকোর্টে তিনি ভুল স্বীকার করে নেন। বিচারপতি জানিয়ে দেন, সাংসদের বিরুদ্ধে পুলিশ আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। বিচারপতি ভরদ্বাজ এই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছেন।
আরজি কর কাণ্ডে রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যের সব মহলে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, কলকাতার পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা উচিত৷ বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নেওয়ার কথা তিনি বলেছিলেন। শুধু তাই নয়, আরজি কর হাসপাতালে ঘটনার তিন দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল৷ কেন এত দেরি? সেই প্রশ্ন তুলেছিলেন তিনি।
কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূলের রাজ্যসভার সংসদ ভুল তথ্য দিচ্ছেন। ডগ স্কোয়াড ঘটনাস্থলে মোটেও দেরি করে যায়নি। তৃণমূল নেতা কুণাল ঘোষও এই এক্স হ্যান্ডেল পোস্টের তীব্র বিরোধিতা করেছিলেন। মঙ্গলবার দুপুরের পর থেকে আর সেই পোস্ট দেখা যাচ্ছে না। মনে করা হচ্ছে, কথা মতো তিনি সেই পোস্ট তুলে নিয়েছেন।












Click it and Unblock the Notifications