রোদে পুড়ে সোনার খুব কষ্ট হচ্ছে, নাম না করে অভিষেককে নিশানা! ভবিষ্যত BJP সরকারের DA দিতে সময় বাঁধলেন সুকান্ত
বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে দশ বছরের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ সমান করে দেবে। উলুবেড়িয়ায় দলীয় কর্মসূচিতে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাম না করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন।
সোমবার হাওড়ার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা ১ নম্বর মন্ডল রঘুদেবপুর অঞ্চল বিজেপি-র তরফ থেকে দলের রঘুদেবপুর কার্যালয়ের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন কর্মসূচিতে গিয়ে দলের রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, রোদে পুড়ে সোনার খুব কষ্ট হচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু'মাসের জনজোয়ার কর্মসূচি সম্পর্কে সুকান্ত মজুমদার নাম না করে বলেন, রোদে পুড়ে সোনার খুব কষ্ট হচ্ছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আগে কখনও রোদে ঘোরেননি। এখন দেখা যাক এই অবস্থায় ময়দানে ক'দিন টিকতে পারেন।
রাজ্যের ডিএ আন্দোলন সম্পর্কে সুকান্ত মজুমদার সাংবাদিকদের এদিন বলেন, ডিএ আন্দোলনকারীদের প্রতি বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, এই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারবে না। কারণ তাদের হাতে টাকা নেই। মেলা, খেলা আর দান-ধ্যান এসব করতে গিয়ে তাদের টাকা শেষ।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিজেপি ক্ষমতায় এলে ১০ বছরের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। তিনি বলেন, একেবারে হয়তো দেওয়া যাবে না। তারা ক্ষমতায় এলে ধাপে ধাপে ডিএ বাড়িয়ে দশ বছরের মধ্যে কেন্দ্রীয় হারে সমান ডিএ তারা দিতে পারবেন।

পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, দল এখন ওনার দায়িত্ব নিচ্ছে না। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায় ওনারও আজকে সেই একই পরিস্থিতি হয়েছে। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। আসলে ওনার রাজনৈতিক কেরিয়ার শেষ। আগামী চার থেকে পাঁচ বছর পর যখন জেল থেকে বেরোবেন তখন তিনি নড়তেও পারবেন না আর হাঁটতেও পারবেন না।
অনুব্রত মণ্ডলের গরু পাচার সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্টির দৌলতে গরু পাচার হয়েছে। অনুব্রত একা একা করেননি। একা এত বড় কাজ করতে পারেন না। ওই টাকা কলকাতা এমনকি কালীঘাট অবধি পৌঁছত বলে দাবি করেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, টাকার ভাগ তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত নিয়েছে।

সওকত মোল্লা সম্পর্কে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, তাঁকে রেডি থাকতে বলুন যে কোনও সময় ওনারও ডাক আসতে পারে, যত তাড়াতাড়ি। রাজ্যপাল প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আশা করি রাজ্যপাল সংবিধান মেনে কাজ করবেন, উনার যা দায়িত্ব সেটা করবেন সেটাই বিজেপি আশা করে।
শুভেন্দু অধিকারীর গাড়িতে দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, একজন জেড ক্যাটাগরি সুরক্ষিত বিরোধী দলনেতা, যিনি ক্যাবিনেট মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন। সুতরাং তাঁর কনভয় যখন যাচ্ছে, সেখানে পুলিশেরই উচিত ছিল নিরাপত্তা দেওয়া। তিনি প্রশ্ন করেন, বিরোধী দলনেতার কনভয়ের সামনে একজন সাইকেল নিয়ে চলে এলো কী ভাবে ?












Click it and Unblock the Notifications