সন্ত্রাসের বাতাবরণে ভোট! বিজেপি কর্মী-সমর্থকদের বিশ্বাস বাড়াতে মমতার উদাহরণ টানলেন সুকান্ত
সন্ত্রাসের বাতাবরণে ভোট! বিজেপি কর্মী-সমর্থকদের বিশ্বাস বাড়াতে মমতার উদাহরণ টানলেন সুকান্ত
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ ভোট করানোর উপযুক্ত নয়। এদিন চার কেন্দ্রে হারের পরে এমনটাই মন্তব্য করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । এর আগেই রাজ্যের নির্বাচন ও উপনির্বাচনে সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, অনেক জায়গাতেই বিজেপি কর্মীরা ঘরে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

দুই কেন্দ্র ছিনিয়ে নিয়ে ব্যবধান বাড়িয়েছে তৃণমূল
ছয়মাস আগে রাজ্যে বিধানসভা ভোট হয়েছে। তারই মধ্যে চার কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূল বিজেপির থেকে দুটি আসন দিনহাটা ও শান্তিপুর ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, যেখানে দিনহাটায় তৃণমূল মাত্র ৫৭ ভোটে হেরেছিল, সেই কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছে ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে। অন্যদিকে শান্তিপুরে বিজেপির জেতা আসনে তৃণমূল জয়ী হয়েছে ৬৩ হাজারে বেশি ভোটে। অন্যদিকে খড়দহ ও গোসাবায় তৃণমূল ব্যবধান বাড়িয়েছে প্রচুর। যা জেরে এইসব এলাকায় বিজেপির সংগঠন আদৌ আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সন্ত্রাসের বাতাবরণে ভোট
বিধানসভা নির্বাচনে ভোট সঠিকভাবে হলেও তার পরবর্তী নির্বাচনগুলি হয়েছে সন্ত্রাসের বাতাবরণে। এমনটাই অভিযোগ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক পরিবেশ ভোট করানোর পক্ষে উপযুক্ত নয়। সব জায়গাতেই সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। গোটা রাজ্যে গণতন্ত্র নেই, সেই পরিস্থিতিতে ভোটে যা ফল হওয়ার তাই হয়েছে বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

ফলাফল নিয়ে কটাক্ষ
বিধানসভা নির্বাচনে দিনহাটায় জিতেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। সেই দিনহাটাতেই তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জিতেছেন ১ লক্ষ ৬৪ হাজার ভোটে। এব্যাপারে সুকান্ত মজুমদার বলেছেন, ফলাফলই বলে দিচ্ছে কী হয়েছে। একটি কেন্দ্রের যদি এতই ব্যবধান হয়, তাহলে যে কেউই বলে দিতে পারে কী হয়েছে।

ভোট না হওয়া জায়গাতেও সন্ত্রাস
বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন, যেসব জায়গাতে ভোট হচ্ছে না, সেইসব জায়গাতেই সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসকদল। তিনি এব্যাপারে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাশাপাশি বীরভূমের নানুরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, নানুরে, যেখানে বিজেপি পরাজিত হয়েছিল ৬০০ মতো ভোটে। সেই নানুরেই বহু বিজেপি কর্মী এখনও ঘরে ঢুকতে পারছেন না।

পুরনির্বাচনের পরিবেশ নেই
রাজ্য সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, ডিসেম্বরে রাজ্যে পুরনির্বাচন করা হবে। যা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, এই মুহূর্তে রাজ্যে পুর নির্বাচনের পরিবেশ নেই। কিন্তু রাজ্য সরকারের হাতে যেহেতু ক্ষমতা রয়েছে, তাই তারা সেই নির্বাচন করাবে। বিজেপি সেই নির্বাচনে সর্বত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলেও জানিয়েছেন। তিনি আশা করছেন, শহুরে এলাকায় সন্ত্রাস কম হবে। তবে এই সরকারের ওপরে ভরসা নেই। আবার রাজনীতিতে হতাশা বলেও কিছু হয় না।

কর্মী-সমর্থকদের বিশ্বাস বাড়াতে মমতার উদাহরণ
সুকান্ত মজুমদার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় একা সাংসদ ছিলেন। সেই জায়গা থেকে তিনি ক্ষমতায় পৌঁছেছিলেন। সেই সময় ২৯ জন বিধায়ক ছিল তাঁর। সেই পরিস্থিতির থেকে বিজেপি অনেক ভাল জায়গায় আছে বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications