'কল্যাণ ঘনিষ্ঠরা মিছিলে কেন'? ছবি 'ফাঁস' করে তৃণমূল সাংসদকে তোপ সুকান্ত-দিলীপের
অবশেষে বিক্ষোভ তুললেন সুকান্ত মজুমদার। দীর্ঘ প্রায় ছয় ঘন্টা পর জিটি রোডের উপরে চলা ধর্না তুলে নিলেন তিনি। মানুষের সমস্যার কথা ভেবেই বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। রাত থেকেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রিষড়ায়। আর সেখানে আজ সোমবার যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেখানে যাওয়ার পথে বারবার বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে।

মানুষের কথা ভেবে বিক্ষোভ তুললেন সুকান্ত
আর এরপর কোন্ননগরেই অবস্থানে বসে যান তিনি। এরপর থেকে টানা ছয় ঘন্টা কেটে যায়। সেখানেই বসে ছিলেন বালুরঘাটের এই সাংসদ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, জিটি রোড জুড়ে তীব্র যানজট তৈরি হয়। যদিও বিজেপি নেতার দাবি, তাঁরা রাস্তা ছেড়েই বসেছিলেন। এমনকি পুলিশকে ব্যারিকেড খুলে দেওয়ার জন্যেও আবেদন জানানো হয়। কিন্তু তা খুলে দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও সাধারণ মানুষের কথা ভেবেই অবরোধ তুলে নেওয়ার কথা জানালেন সুকান্ত মজুমদার।

মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন
তবে কাল থেকে লাগাতার কর্মসূচির ডাক তাঁর। বালুরঘাটের বিজেপি সাংসদের দাবি, আগামীকাল মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনের পথে হাঁটা হবে। এমনকি তিনি নিজেও শ্রীরামপুরে ধর্নায় বসবেন বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। এমনকি পুলিশ যতদিন না পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার না করবে ততদিন এই ধর্না চলবে বলেও হুঁশিয়ারি। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বিজেপির নাটক বলে দাবি তৃণমূলের। এমনকি পায়ের নীচে মাটি হালকা হচ্ছে বুঝেই এই কাজ বলে কটাক্ষ তৃণমূলের।
কল্যাণ ঘনিষ্ঠরা মিছিলে কেন?
আর এর মধ্যেই শুরু হয়েছে নয়া ছবি বিতর্ক। সকালেই ঝাড়খন্ডের নম্বরের কয়েকটি বাইকের ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তা পোস্ট করে তাঁর দাবি, বিজেপি বাইরে থেকে লোক ঢুকিয়ে এই কাজ করছে। আর এই বিতর্কের মধ্যেই নয়া ছবি পোস্ট বিজেপির। যেখানে কল্যাণ ঘনিষ্ঠ এই ব্যক্তিকে দেখা হচ্ছে রাম নবমীর মিছিলে। আর তা পোস্ট করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। 'যে মুখগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিল, তারা রামনবমীর শোভাযাত্রায় কী করছিল? প্রশ্ন বিজেপি রাজ্যসভাপতির।

গন্ডগোল করার জন্যই কি গেছিল তারা?
এমনকি এই ছবি পোস্ট করে তোপ দেগেছেন দিলীপ ঘোষও। তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখছেন, '' কল্যাণ ব্যানার্জি কাল রিষড়ায় গিয়ে বলেছিলেন রাম নবমীর মিছিলে নাকি সবাই বহিরাগত ছিল ।
উনি তো মিছিলে উপস্থিত ছিলেন না তাহলে কিভাবে জানলেন সবাই বহিরাগত? আর বাস্তবে তো দেখা যাচ্ছে কল্যাণ ব্যানার্জির লোকেরা মিছিলে উপস্থিত ছিল। গন্ডগোল করার জন্যই কি গেছিল তারা?'' যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications