Sukanta Majumdar: 'যোগ দিতে গিয়ে পারেননি'! অভিষেকের বিজেপি যোগ...বিস্ফোরক ইঙ্গিত সুকান্তের
Sukanta Majumdar: বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় 'ভূতুড়ে ভোটার' ইস্যুতে উত্তাল বাংলার রাজনীতি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে এই বিষয়ে প্রথম সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কাগজ দেখিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। এমনকী বিজেপির নির্দেশেই এই সমস্ত কেলেঙ্কারি চলছে বলেও অভিযোগ।
এর মধ্যেই 'ভূতুড়ে ভোটার' নিয়ে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, ভোট আসছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালিদের নাম কাটতে কাজ শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে বসবাসরত হিন্দিভাষী ভোটারদের নাম কাটার কাজ করে চক্রান্ত শুরু করেছে তৃণমূল। কম মার্জিনে যে সিট তৃণমূলে হেরেছে সেখানে এই কাজ মুখ্যমন্ত্রীর কথাতেই করা হচ্ছে বলেও অভিযোগ।

বিজেপির রাজ্য সভাপতির (Sukanta Majumdar) কথায়, এটি পলিটিক্যাল স্ট্যান্ড। আর বিজেপির এজেন্সি এই কাজ করবে কেন? ভোটার লিস্ট তো সরকারের বিডিও ও এসডিওরা করছেন। মুখ্যমন্ত্রী তো প্রকাশ্য মঞ্চ থেকে আইপ্যাক এজেন্সির কথা বলছেন। দিল্লি ও হরিয়ানার নাম বলে ওখানকার ভোটারদের অপমান করা হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানান সুকান্ত মজুমদার। তাঁর কথায়, পচা মাল, গন্ধ বেরোচ্ছে। বিজেপি তাঁকে নেবেই না। বিজেপিতে যোগ দিতে গিয়ে পারেননি তাই এই কথা বলছেন বলেও এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে তীব্র তোপ কেন্দ্রীয়মন্ত্রীর। পাশাপাশি প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনার টাকা প্রসূতিরা পাচ্ছে না কেন তা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, কেন তা পাচ্ছে না তা এখানকার প্রশাসন দেখবে। আমি অভিযোগ এলে দেখব।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের মধ্যেই টানাপোড়েন চলছিল। এমনকী সামনে আসছিল বেশ কিছু জল্পনা। এর মধ্যেই এই বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, ''অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে, কাটা গলা থেকে 'মমতা ব্যানার্জি জিন্দাবাদ' বেরবে। আমি বেইমান নই। ''
আর এহেন মন্তব্যকে কেন্দ্র করে কার্যত তোলপাড় হয়ন রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই অভিষেকের বিজেপি যোগ মন্তব্য নিয়ে পাল্টা ইঙ্গিতপূর্ণ দাবি বিজেপি রাজ্য সভাপতির (Sukanta Majumdar) ।












Click it and Unblock the Notifications