মন্ত্রী হয়ে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করলেন সুকান্ত মজুমদার, বঙ্গ রাজনীতিতে শুরু চর্চা
দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের রাজনৈতিক সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। বিজেপির দুই বঙ্গ নেতার রাজনৈতিক অবস্থান নিয়ে যথেষ্ট কাটাছেঁড়া হয়েছে। নাম না করে সুকান্ত মজুমদারকে একাধিক বার খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষের কাছেই পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সুকান্ত মজুমদার। প্রতিমন্ত্রী করা হয়েছে বালুরঘাটের সাংসদকে। শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। আরও একটি দফতরের দায়িত্ব প্রতিমন্ত্রী হিসেবে তাঁকে সামলাতে হবে। দায়িত্ব পাওয়ার পর আজ মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার।

দিলীপ ঘোষ দিল্লিতে রয়েছেন। শপথ নেওয়ার পর থেকে সুকান্ত মজুমদারও দিল্লিতে। মঙ্গলবার বেলার দিকে সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন। দিলীপ ঘোষের সঙ্গে তিনি দেখা করেছেন। পা ছুঁয়ে প্রণাম করেছেন তিনি। নত মস্তকে দিলীপ ঘোষের আশীর্বাদ চেয়েছেন সুকান্ত।
এই ছবি ঘিরে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। কারণ, দিলীপ ঘোষ এক সময় বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন। সুকান্ত মজুমদার তাঁর জায়গায় বাংলার রাজ্য সভাপতি হন। সুকান্ত মজুমদারের কর্মপদ্ধতি নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর কাজকর্ম নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। তবে নাম নিয়ে তেমন কিছু প্রকাশ্যে বলেননি।
সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে একসঙ্গে বিজেপির কোনও কর্মসূচিতে দেখতেও পাওয়া যেত না। বাংলার রাজনীতি দুজনের দূরত্ব নিয়ে দীর্ঘ সময় চর্চা করেছে। সেই সুকান্ত মজুমদার এবার দিলীপ ঘোষের কাছে পৌঁছে গেলেন। আশীর্বাদ চাইলেন তাঁর থেকে।
সুকান্ত মজুমদার এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন। তার সঙ্গে কয়েক লাইন লিখেছেন তিনি। সুকান্ত লিখেছেন, তৃতীয় বারের মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দাদা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আশীর্বাদ নিলাম। শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রীজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
দিলীপ ঘোষ এবারের নির্বাচনে হেরে গিয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। তারপর থেকেই বাংলার বিজেপি নেতৃত্ব নিয়ে তিনি সরব হয়েছেন। রাজ্য সভাপতির পদ থেকে সুকান্ত মজুমদারকে সরানো উচিত। এই বিষয়ে পরিষ্কার কোনও বার্তা রাখেননি, ঠিকই। কিন্তু হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি মোটেও কর্মপদ্ধতি নিয়ে খুশি নন। 'ওল্ড ইজ গোল্ড' এ কথাও বলতে শোনা যায় তাঁকে। বিজেপি দিলীপ ঘোষকে কি ফের বাংলায় রাজ্য সভাপতি পদে আনবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই অবস্থায় সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো হয় দিল্লিতে। পরে জানা যায়, প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। আর বাংলার রাজ্য বিজেপি সভাপতি পদে থাকবেন না তিনি। তাহলে কে হবেন নতুন রাজ্য সভাপতি? এই জল্পনা চলছে।
তার মধ্যেই দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদারের সাক্ষাৎ। দিলীপ ঘোষকে নত মস্তকে প্রণাম করা। তাঁর কাছ থেকে আশীর্বাদ নেওয়া। গেরুয়া বঙ্গ রাজনীতিতে এক নতুন ছবি। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications