সন্দেশখালিতে বিকাশ সিংহের বাড়িতে সুকান্ত মজুমদার, আশ্বস্ত করলেন পরিবারকে
সন্দেশখালিতে বিকাশ সিংহের বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিথ্যা মামলায় বিকাশ সিংহকে আটকে রাখা হয়েছে। তার জামিনের চেষ্টা চলছে। এ কথাই জানালেন তিনি। পরিবারের পাশে বিজেপি রয়েছে। এই আশ্বাসও দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালিতে পৌঁছান সুকান্ত মজুমদার। ধামাখালিতে তাঁকে আটকানো হয়েছিল। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একা সুকান্ত মজুমদার যেতে পারবেন। এই কথা প্রশাসনের তরফ থেকে বলা হয়। সেই কথা মেনে নেন সুকান্ত। তারপরেই সন্দেশখালি রওনা।

লঞ্চে নদী পেরিয়ে সন্দেশখালি পৌঁছান সুকান্ত মজুমদার। তাকে দেখে বিজেপির কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। ফুল দিয়ে বরণ করা হয়। বিজেপি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন সুকান্ত। এরপর বিকাশ সিংহের বাড়িতে পৌঁছান তিনি।
বিকাশ সিংহ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির কনভেনার। ফলে এলাকার জন সংযোগের দায়িত্ব বিকাশ সিংহের উপর রয়েছে। এজন্যই তাকে মিথ্যা মামলা দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার জেলে আটকে রাখছে। এমন অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি। আগামী দিনে তিনি হয়তো মুক্ত হবেন। এমন কথা মনে করছেন সুকান্ত।
বিকাশ সিংহের সঙ্গে বসিরহাট জেলে আজ বৃহস্পতিবার দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। প্রথমে তাঁকে জেলে ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছু সময় অপেক্ষা করার পর তাঁকে ভিতরে যেতে দেওয়া হয়। বিকাশ সিংহের সঙ্গে কথা বলেন সুকান্ত। পরিবার পরিজনদের নিয়ে বিকাশ সিংহ দুশ্চিন্তায় রয়েছেন। এই কথা সুকান্তকে বলা হয়।
বিজেপি রাজ্য সভাপতি জানান, তিনি বিকাশের বাড়ি যাবেন। পরিবারের লোকদের সঙ্গে তিনি কথা বলবেন। এরপর জেল থেকে বেরিয়ে তিনি রওনা হন সন্দেশখালির উদ্দেশ্যে। এর আগে তিনি বাধা পেয়েছিলেন সন্দেশখালি যাওয়ার জন্য। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
সরস্বতী পুজোর সেই দিন রীতিমতো রাজ্য রাজনীতিতে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। আজ বৃহস্পতিবার ফের সন্দেশখালি পৌঁছলেন সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, শেখ শাহজাহানের যত শাগরেদ রয়েছে, তাদেরকেও গ্রেফতার করার দাবি জানান সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications