SSC Case Verdict: "অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলিদান মমতার," আক্রমণ সুকান্তর; তৃণমূলের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক
SSC Case Verdict: এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েও মুখ পুড়ল রাজ্যের। এসএসসির সীমাহীন দুর্নীতির উল্লেখ শীর্ষ আদালতের। ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের দায় তৃণমূলকেই নিতে হবে বলে আক্রমণ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত এদিন বলেন, "যোগ্যদের চাকরি চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘুষখোর লোকেদের জন্য। তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছিল অযোগ্যরা। তাদের চাকরি বাঁচাতে গিয়ে পুরো ২৬ হাজার প্রার্থীর চাকরির বলিদান দিয়ে দিল মমতার সরকার। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ২৬ হাজার পরিবার বাড়িতে বসে গেল, তার জন্য দায়ী তৃণমূল ও মমতা।"

"মমতার চেলাচামুণ্ডারা লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি খেল। এসএসসি কেন যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ করে দিয়ে গেল না? যদি করে দিত, তাহলে সকলের চাকরি যেত না, শুধু অযোগ্যদের চাকরি যেত। আজ ঘুষখোর তৃণমূল নেতাদের জন্য এতগুলো পরিবার রাস্তায় বসে গেল," শাসকদলকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলে শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামার ঘোষণা বিজেপির। সুকান্ত মজুমদার এদিন স্পষ্টতই জানিয়ে দিলেন, "মমতার সরকারকে চেয়ার থেকে উঠিয়ে ফেলব। আমরা ছেড়ে দেব না। আমরা রাস্তায় নামব। বিজেপি আন্দোলন করবে।" রামনবমী পেরোলেই পূর্ণ শক্তি দিয়ে পথে নামার ঘোষণা সুকান্ত মজুমদারের। শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক সুকান্তর।
মমতা ও তৃণমূলকে আক্রমণ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়েরও। তিনি বলেন, "২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললেন মমতা। পুরো দায়টাই মমতার। উনি বারবার চিৎকার করেন চাকরি দিচ্ছেন। উনিই ২৬ হাজার প্রার্থীর চাকরি খেলেন। এর জন্য বাংলার শিক্ষিত যুবসমাজ কোনওদিন আপনাকে ক্ষমা করবে না। বিচারপতি গাঙ্গুলি বলতেন বারবার মাথাকে ধরা উচিত। মাথা ধরতে আর বেশি সময় লাগবে না। হরিয়ানাতে এভাবেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ওমপ্রকাশ চৌতেলা জেলে আছেন। আপনিও তৈরি থাকুন। সেই সময় আসছে।"












Click it and Unblock the Notifications