রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে সুকান্ত, দিলীপ সাক্ষাৎ, কী আবেদন করলেন বিজেপি নেতারা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতায় সরব বিজেপি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের নির্যাস অত্যন্ত স্পর্শকাতর। রাজ্যের পরিস্থিতিও আতঙ্কের হয়ে যেতে পারে। সেই বিষয়ে আগেই দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও উদ্বেগের কথা প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷
বৃহস্পতিবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে রাজভবনে যান সুকান্ত মজুমদার। পরে তাঁরা রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। রাজ্যপালের সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে। আরজি কর প্রসঙ্গ থেকে গতকালের মেয়ো রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্য৷

এদিন সুকান্ত মজুমদার বলেন, " আরজি করের ঘটনা ও তার পরবর্তীতে যে সব ঘটনা ঘটেছে রাজ্যে। তার সবটা জানাতে এসেছিলাম রাজ্যপালকে। এই প্রথম দেখা গেল মুখ্যমন্ত্রী ধমকানি দিচ্ছেন মঞ্চ থেকে। সেটা সবটা বিস্তৃত আকারে জানিয়েছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস করা, আগুন জ্বলা, ডাক্তারদের হুমকি সবটা জানিয়েছি।'
তিনি আরও বলেন, " রাজ্যপালকে জানিয়েছি আপনি আমাদের ভরসা, আপনি দেখুন। যে হিংসার কথা মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল, তাতে বাংলায় গৃহযুদ্ধ বাঁধবে ভবিষ্যতে। সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলার মানুষের অধিকার রক্ষার। তাই বাংলাকে শান্ত করতে যা যা করার দরকার করুন। এই অনুরোধ জানিয়েছি আমরা রাজ্যপালকে।"
রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ধর্ষণ ইস্যুতে একটি বিল তিনি পাশ করাবেন বিধানসভায়। বিধানসভা থেকে পাস হয়ে রাজভবনে আসবে ওই বিল। রাজ্যপালের সম্মতি থাকলে চূড়ান্ত রূপ পাবে। তার আগেই বিজেপির পক্ষ থেকে রাজ্যপালকে অনুরোধ করা হল, ওই বিল বিবেচনা করে দেখতে। পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা সহ রাজ্যের বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরলেন তাঁরা।












Click it and Unblock the Notifications