সব্যসাচীর ফেরায় রুষ্ট সুজিত-তাপসরা, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ তৃণমূল বিধায়কদের
সব্যসাচীর ফেরায় রুষ্ট সুজিত-তাপসরা, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ তৃণমূল বিধায়কদের
তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন সব্যসাচী দত্ত। তাতে একেবারেই সন্তুষ্ট নন দলের একাধিক নেতা। সব্যসাচী দত্তকে দলে ফেরানোয় রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন দলের একাধিক প্রথম সারির নেতা। বিশেষ করে সুজিত বসু একেবারেই সব্যসাচীর ফিরে আসা মেনে নিতে চাইছেন না। সব্যসাচীর দলে ফেরা মেনে নিতে পারছেন না বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও।

তৃণমূলে ফিরলেন সব্যসাচী
তৃণমূল কংগ্রেসে ফিরলেন সব্যসাচী দত্ত। বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র। পুরসভা ভোটের কথা মাথায় রেখেই সব্যসাচী দত্তকে ঘরে ফেরানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক পদে শপথ গ্রহণের পরেই তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সব্যসাচী দত্ত। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক ফিরহাদ হাকিম। সব্যসাচী দত্তের হাতে দলের পতাকা তুলে দিয়ে ফিরহাদ হািকম বলেছেন, 'তখন পইপই করে বলেছিলাম তুই দল ছাড়িস না।'

অসন্তুষ্ট দলের একাধিক নেতা
সব্যসাচীর দলে ফেরাটা অনেকেরই পছন্দ হয়নি। সেই তালিকায় শীর্ষে রয়েছেন সুজিত বসু এবং তাপস চট্টোপাধ্যায়। সুজিত বসুর সঙ্গে প্রথম থেকেই রেষারেষি সব্যসাচী দত্তের। সূত্রের খবর ভোটের আগে সুজিত বসুও নাকি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু সব্যসাচী দত্তের আপত্তিতে সেটা সম্ভব হয়নি। তাই প্রথম থেকেই সব্যসাচী দত্তকে দলে ফেরাতে আপত্তি জানিয়েছিলেন সুজিত বসু। বৃহস্পতিবার ফের তাই করলেন। সেকারণেই বিধানসভায় সব্যসাচী দত্তের যোগদানের পর সেখান থেকে বেরিয়ে যান সুজিত বসু এবং তাপস চট্টোপাধ্যায়। সুজিত বসু নাকি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করে বলেছেন, যার সঙ্গে রাজনীতি করা যায় না, তার সঙ্গে একই জায়গায় বসতে পারব না।

কী বললেন সব্যসাচী
বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূলে ফেরার জন্য আগ্রহী হয়ে উঠেছিলেন সব্যসাচী দত্ত। একাধিকবার তিনি তৃণমূল কংগ্রেসে ফেরার জন্য দলনেত্রীর কাছে ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন। মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগদানের পর আরও বেশি করে তৃণমূলে ফেরার চেষ্টা করছিলেন তিনি। শেষে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই ফিরলেন। তৃণমূলে যোগ দিেয় তিনি বলেছেন, দলের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আমাকে দলে গ্রহণ করলেন। বাকিরাও সবাই স্বাগত জানালেন। দল যেভাবে বলবে সেভাবেই আগামী দিনে কাজ করব।'

আপত্তি সৌগত-তাপসেরও
সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরায় আপত্তি জানিয়েছিলেন তাপস চট্টোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেছিলেন, যাঁকে নিয়ে এত সমস্যা, তাঁকে যদি বসে যোগদান করাতে হয়, পারব না। দিদিকে জানিয়ে দিয়েছি। সাংসদ সৌগত রায় বলেছেন, 'সব্যসাচীর যোগদানে নিচু তলায় আঘাত লাগবে। যাঁরা গালাগালি দিল তাঁরাই তো দলে এসে গেল।'












Click it and Unblock the Notifications