'পাশে আছেন' বার্তা দিয়ে তৃণমূলের প্রার্থীপদ গ্রহণ করা থেকে সরে দাঁড়ালেন সুগত বসু
গত নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েন বিখ্যাত ইতিহাসবিদ সুগত বসু। তবে এবছর তিনি লড়ছেন না।
গত নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ে বিপুল ভোটে জয় পায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য তথা বিখ্যাত ইতিহাসবিদ সুগত বসু। তবে এবছর তিনি লড়ছেন না। তাঁর জায়গা থেকে লড়ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় সুগত বসুর নাম তালিকায় নেই।

সেই প্রসঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুগত বসুকে ধন্যবাদ। তিনি আগের বারে আমাদের হয়ে লড়েছিলেন। তবে এবার তিনি লড়ছেন না। কারণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যেখানে তিনি পড়ান, সেখান থেকে তাঁকে অনুমতি দেয়নি। ফলে তিনি পাশে আছেন বলে জানিয়েছেন। তবে লড়তে পারবেন না। আমরা তা মেনে নিয়েছি।
এই যাদবপুর কেন্দ্রে সুগত বসুর বদলে প্রার্থী করা হয়েছে টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তিনিই এই কেন্দ্রের তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত, এদিন লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় বসিরহাট কেন্দ্র থেকে টলিউডের আর এক নামকরা অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করা হয়েছে। তিনি ও মিমি এবার লোকসভায় তৃণমূলের টিকিটে লড়বেন।












Click it and Unblock the Notifications