ভাইরাল জ্বরে হঠাৎ কাবু বাংলা, কারণ নিয়ে ধন্দে ডাক্তাররা

চিকিৎসকরা জানাচ্ছেন, এই জ্বর ভাইরাসজনিত। সবারই এক উপসর্গ। সর্দিকাশি, গলাব্যথা, গায়ে-হাতে ব্যথা, জ্বর। কারও কারও অল্প শ্বাসকষ্টও হচ্ছে। এই জ্বর থাকছে অন্তত চারদিন। জ্বর চলে গেলেও দুর্বলতা থেকে যাচ্ছে অন্তত দু'সপ্তাহ। এবারের এই জ্বর কিছুটা আশ্চর্যের। কারণ ঋতু পরিবর্তনের সময় সাধারণত এমন ভাইরাসজনিত জ্বর হয়। সেটা না হয় বোধগম্য! কিন্তু এখন প্রচণ্ড গরমেও জ্বর হচ্ছে। এর কারণ খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা। এই জ্বরের অন্যান্য লক্ষণীয় বিষয়গুলি হল, খিদে চলে যাওয়া। আর মাথা ঘোরা। প্যারাসিটামল ওষুধের সঙ্গে প্রচুর জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জ্বরে তাপমাত্রা উঠে যাচ্ছে ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা কমাতে মাথা ধুইয়ে দিতে হচ্ছে বা জলপটি লাগাতে হচ্ছে।
হোমিওপ্যাথি চিকিৎসক ডা: রথীন চক্রবর্তী বলেছেন, "ধুম জ্বর, গায়ে-হাতে ব্যথায় রাসটক্স ৩০ এবং ব্রায়োনিয়া ৩০ প্রতি তিন ঘণ্টা অন্তর খেতে বলছি রোগীদের। গলায় ব্যথা থাকলে হিপারসালফ ২০০ খুব ভালো কাজ দিচ্ছে। আর জ্বর চলে গেলে ক্যালিফস সিক্স এক্স দিনে দু'বার ছয় থেকে আটটা খাওয়া যাবে।"
জ্বর থাকার সময় বারবার সহজপাচ্য খাবার খেতে হবে। ঝোল খাওয়া যাবে, কিন্তু তা যেন খুব পাতলা এবং শুধু নুন-হলদু আর অল্প জিরে দিয়ে রান্না হয়। মশলাদার খাবার খেলে পেটের গোলমাল হতে পারে।
আরও একটা লক্ষণীয় ব্যাপার হল, সাধারণ জ্বরের পাশাপাশি টাইফয়েডে আক্রান্তও হয়েছেন অনেকে। তাই চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই তাঁদের পরামর্শ নিতে। কারণ টাইফয়েডের শিকার হয়ে সাধারণ জ্বর মনে করে কেউ বাড়িতে চিকিৎসা শুরু করলে তা প্রাণঘাতী হতে পারে।












Click it and Unblock the Notifications