১৬ দিনেই সাফল্য, দুধিয়ায় বিকল্প হিউম পাইপ ব্রিজে ফের খুলছে মিরিক ও শিলিগুড়ির সংযোগ পথ
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ধসের পর মাত্র ১৬ দিনের মধ্যেই আশার আলো দেখা দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার জানালেন, দুধিয়ায় মিরিক ও শিলিগুড়িকে যুক্ত করা বিকল্প হিউম পাইপ ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সোমবার থেকেই এই নতুন সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হবে।
গত ৫ অক্টোবর বালাসন নদীর লোহার সেতু ভেসে গিয়েছিল বন্যার জলে। সেই সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ৫২ কিলোমিটার দীর্ঘ মিরিক ও শিলিগুড়ির সড়কপথ। মাত্র পাঁচ দিন পর, ১০ অক্টোবর থেকেই বিকল্প সেতু নির্মাণের কাজ শুরু হয়। আর সেই কঠিন কাজ রেকর্ড সময়ে শেষ করেছে রাজ্য সরকারের পি ডব্লিউ ডি দপ্তর।

মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, "দুধিয়ায় বিকল্প হিউম পাইপ ব্রিজ নির্মাণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে স্বাভাবিক যান চলাচল শুরু হবে। মাত্র ১৬ দিনের মধ্যেই এই কাজ শেষ করে রাজ্যের ইঞ্জিনিয়াররা এক নজির গড়েছেন।"
তিনি আরও জানান, ১৯৬৫ সালে নির্মিত পুরনো লোহার সেতুটি পরিকাঠামোগত ভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণে ৫৪ কোটি টাকা ব্যয়ে নতুন একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে ও দ্রুতগতিতে কাজ চলছে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ৭ অক্টোবর নিজে দুধিয়া পরিদর্শনে গিয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে অন্তত একটি অস্থায়ী সেতু চালু করতে হবে। সেই নির্দেশের পরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ।
সেতুটি ভেঙে পড়ার পর মিরিক ও আশপাশের বাসিন্দারা শিলিগুড়ি যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়েছিলেন। বাধ্য হয়ে তারা টিংলিং, বেলগাছি ও পুটুং হয়ে দুর্গম পাহাড়ি রাস্তা ব্যবহার করছিলেন। কিন্তু সেই বিকল্প পথে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হওয়ায় প্রশাসন পুরো রাস্তাটি বন্ধ করে দেয়।
ফলে এই নতুন হিউম পাইপ ব্রিজই এখন উত্তরবঙ্গবাসীর কাছে স্বস্তির সেতু, যা ফের জুড়ে দিচ্ছে পাহাড় ও সমতলের যোগাযোগ, ফিরিয়ে আনছে জীবনের গতি।












Click it and Unblock the Notifications