দিদির সঙ্গে ছিলাম পিসি সঙ্গে নেই! শুভেন্দুর ডাকে ভিড় বাড়ছে বিদ্রোহী তৃণমূলীদের
দিদির সঙ্গে ছিলাম পিসি সঙ্গে নেই! শুভেন্দুর ডাকে ভিড় বাড়ছে বিদ্রোহী তৃণমূলীদের
শুভেন্দু অধিকারীর গন্তব্য সাধারণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি তৃণমূল ছাড়ছেন এবং সম্ভবত বিজেপিতেই যাচ্ছেন। তা একপ্রকার স্পষ্ট হয়ে যাওয়ার পর শুভেন্দুর সঙ্গে একসঙ্গে পথ চলার জন্য তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গেল বুধবার। তৃণমূলের জেলাস্তরের নেতা থেকে শুরু করে ব্লকস্তরের নেতা-বিধায়করা সরে যাচ্ছেন মমতার পাশ থেকে।

কনিষ্ক পণ্ডা বহিষ্কৃত, ধীরেন্দ্রনাথ তৃণমূল ছেড়েছেন
শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লে তাঁর সঙ্গে যে অনেকেই যাবেন সেই ক্ষেত্র প্রস্তুত হয়েই ছিল। বুধবার সকাল থেকেই তাই জল্পনা বাড়তে থাকে শুভেন্দুর সঙ্গে কোন কোন নেতা তৃণমূল ছাড়ছেন তা নিয়ে। ইতিমধ্যে শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডা বহিষ্কৃত হয়েছেন তৃণমূল থেকে, ধীরেন্দ্রনাথ পাত্র তৃণমূল ছেড়েছেন। এবং ঘোষণা করেছেন-‘তোমারে বধিবে যে শা্ন্তিকুঞ্জে বাড়িছে সে'।

শুভেন্দু অনুগামী নেতা ধীরেন্দ্রনাথ পাত্রর ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পর একেবারে নাটকীয় কায়দায় শুভেন্দু অনুগামী নেতা ধীরেন্দ্রনাথ পাত্র ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তাৎপর্যপূর্ণভাবে তিনি বললেন- তোমারে বধিবে যে শা্ন্তিকুঞ্জে বাড়িছে সে। মমতার নাম না করেই নেত্রীকে নিশানা করলেন শুভেন্দু-ঘনিষ্ঠ ধীরেন্দ্রনাথ পাত্র। এমনকী তিনি শুভেন্দুর নামও উচ্চারণ করলেন না তিনি। কিন্তু বুঝিয়ে দিলেন শুভেন্দুর পরবর্তী লক্ষ্য মুখ্যমন্ত্রী পদ।

দিদি এখন পিসি হয়ে গিয়েছেন, তাই দাদার সঙ্গে আছি
এবার শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তৃণমূল ব্লক সম্পাদক রুদ্রাংশু বেরা তৃণমূল ছাড়লেন। তিনি বলেন, দিদির সঙ্গে ছিলাম। কিন্তু দিদি এখন পিসি হয়ে গিয়েছেন। আমরা পিসির সঙ্গে সেই। শুভেন্দু অধিকারী যেখানে যাবেন, আমিও সেখানে যাব। শুভেন্দুবাবু যদি বিজেপিতে যান, আমি বিজেপিতে যাব। আর যদি জাহান্নমে যান তবে জাহান্নমে যাব।

আরও এক বিধায়কের আস্থা শুভেন্দু অধিকরীর প্রতি
এদিন পূর্ব বর্ধমানের কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুও শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা দেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারীই সঙ্গে আছি। তিনি সুনীল মণ্ডলের বাড়িতে আসছেন। সেই বৈঠকে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন তিনি। আবার নিত্যানন্দ চট্টোপাধ্যায় নামে শুভেন্দু অনুগামী তৃণমূল নেতাও দল ছেড়েছেন।

তৃণমূলে বিদ্রোহীর সংখ্যা বেড়েই চলেছে একুশের আগে
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদারও তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনিও বেসুরো গাইছেন, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ছেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের মতো। এভাবে যদি তৃণমূলে বিদ্রোহীর সংখ্যা বাড়তে থাকে, ২০২১-এর আগে বুমেরাং হতে পারে তৃণমূলের।












Click it and Unblock the Notifications