ভাইফোঁটার দিনের আরজি কর কাণ্ড ও বাংলার নারী নির্যাতন প্রসঙ্গ, বার্তা দিলেন শুভঙ্কর, অধীর
ভাইফোঁটার উৎসব চলছে বাংলার ঘরে ঘরে। আরজি কর কাণ্ডের রেশ ভাইফোঁটার সকালেও দেখা গেল৷ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ভিডিও বার্তা দিলেন৷ আবার অধীর চৌধুরীও লিখলেন আরজি করের নির্যাতিতার প্রসঙ্গ।
রাজ্যের তথা সারা দেশের বোনেদের রক্ষা করার শপথ নিতে হবে আজ। সেই বার্তাই দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই সঙ্গে বাংলার পরিস্থিতি নিয়ে বিতর্কও উসকে দিলেন৷ সমাজের নারীদের সম্মানের চোখে দেখা প্রয়োজন৷ তাহলেই ভাইফোঁটার অঙ্গীকার সার্থক হবে। জানালেন শুভঙ্কর সরকার।

আরজি কর কাণ্ড আগস্ট মাসে হয়৷ আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ধর্ষণ ও খুন করা হয়। সরকারি হাসপাতালে কীভাবে এই ঘটনা ঘটতে পারে? সেই প্রশ্ন ওঠে। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই ঘটনার পর ঝড় ওঠে প্রতিবাদে। রাজপথে প্রতিবাদে সামিল হন নারীরা।
এদিকে নারী নির্যাতনের একের পর এক ঘটনাও সামনে আসতে থাকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে মালদহ, ফালাকাটা একাধিক নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা সামনে আসে৷ রাজ্যের আইনশৃঙ্খলা থেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। প্রশাসন কীভাবে কাজ করছে? রাজ্যে কীভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে? সেই প্রশ্ন উঠছে।
এবার ভাইফোঁটার দিনে বড় বার্তা দিলেন রাজ্যের কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। ভাইদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। বোনেদের পাশে দাঁড়াতে বললেন কংগ্রেস নেতা। এদিকে একই প্রসঙ্গে বার্তা দিয়েছন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
" এই দিনটিতে আমরা যেন আমাদের প্রয়াত ডাক্তার বোন, অভয়ার কথা ভুলে না যাই। তাঁর প্রিয়জনদের পাশে দাঁড়াই। তাঁর আত্মা যেন শান্তি পায়, আর আমরা সবাই যেন আমাদের বোনদের জন্য ঐক্যবদ্ধভাবে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হই এবং আজকের পূণ্য দিনে আমাদের মা-বোনদের জন্য এক নিরাপদ, সুরক্ষিত এবং সম্মানজনক সমাজ গঠনের শপথ নিই।" সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বার্তা দিয়েছেন প্রাক্তন সাংসদ।












Click it and Unblock the Notifications