কোটা থেকে ফিরছেন পড়ুয়ারা, রাজ্যের তিনটি জোন থেকে বাড়ি পৌঁছে দেবে সরকার
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই নিজের বাড়ি পোঁছে যাবেন রাজস্থানে পড়তে যাওয়া রাজ্যের পড়ুয়ারা।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই নিজের বাড়ি পোঁছে যাবেন রাজস্থানে পড়তে যাওয়া রাজ্যের পড়ুয়ারা। উত্তর প্রদেশের লখনউয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পড়ুয়াদের নিয়ে ৯৫টি বাস। মনে করা হচ্ছে রবিবারের মধ্যেই রাজ্যে পৌঁছে যাবেন তাঁরা।

রাজ্যের পথে পড়ুয়ারা
লখনউ থেকে পড়ুয়াদের নিয়ে রাজ্যের পথে পাড়ি দিয়েছে বাস। বুধবার রাজস্থানের কোটা থেকে ২৩৬৮ জন পড়ুয়াকে নিয়ে রওনা হয়েছিল ৯৫টি বাস। বৃহস্পতিবার সেটি লখনউয়ে পৌঁছয়। মনে করা হচ্ছে রবিবারের মধ্যেই পড়ুয়াদের নিয়ে বাস পৌঁছে যাবে রাজ্যে। ইতিমধ্যেই লখনউয়ে তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। রাজ্যে পৌঁছলে আবার তাঁদের শারীরিক পরীক্ষা করা হবে।

তিনটি জোনে পৌঁছবে বাস
লখনউ থেকে রাজ্যের তিনটি জোনে পড়ুয়াদের নিয়ে পৌঁছবে বাসগুলি। কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোল। সেখান থেকে সরকারি উদ্যোগেই তাঁদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। একাধিক চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে রাজ্যের পড়ুয়ারা রাজস্থানের কোটায় প্রশিক্ষণ নিচ্ছিলেন। করোনা লকডাউনে সেখানে আটকে পড়েছিলেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফেরা
পড়ুয়াদের রাজ্যে ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা। শেষে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই তাঁদের কোটা থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১৭০০ কিলোমিটার পথ বাসে সফর করতে দিন তিনেক সময় লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মত সবরকম ব্যবস্থাও করা হয়।












Click it and Unblock the Notifications