দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি দিয়ে হামলা সহপাঠীর, হাসপাতালে মৃত্যু ছাত্রের
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড! আচমকাই ছুরি দিয়ে বন্ধুকে কোপাল সহপাঠী। আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে নিযে যাওয়ার আগেই সব শেষ!
প্রত্যক্ষদর্শীদের কথায়, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই দল ছাত্রের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। তখনই একজন সহপাঠীর উপর ছুরি নিয়ে চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও আহত ছাত্রকে বাঁচানো যায়নি।

মেট্রোয় চেপেই ছাত্ররা দক্ষিণেশ্বর নেমেছিল। স্টেশন থেকে বেরনোর সময় কোনও কারণে গণ্ডগোল শুরু হয়। তর্কাতর্কি, হাতাহাতির মধ্যে ছুরি বের করে একজন আরেক সহপাঠীর উপর চড়াও হয়। জানা যাচ্ছে, মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব। বরানগরে তার বাড়ি। বছর সতেরোর মনোজিৎ অন্য বন্ধুদের সঙ্গে মেট্রো চেপেই ফেরে বাগবাজার হাই স্কুল থেকে। আজ চার-পাঁচজন ছাত্র মেট্রো থেকে নেমেছিল। তারপর তাদের মধ্যেই বচসা বাঁধে।
ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। মেট্রো রেলের দাবি, ঘটনাটি ঘটেছে টিকিট ক্ষেত্রের বাইরে। কিন্তু এদিনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। প্রশ্ন উঠছে, ব্যাগে ছুরি নিয়ে একজন মেট্রো রেলে যাতায়াত করল কীভাবে? নিরাপত্তায় যে বড়সড় গলদ রয়েছে সেটাও স্পষ্ট।












Click it and Unblock the Notifications