শিক্ষিকার মারে ছাত্রমৃত্যুর অভিযোগ বাঁকুড়ায়
শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাঁকুড়ার একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্র।
শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাঁকুড়ার একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্র। রূপম পাল নামের ওই ছাত্র বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। সেখানেই মৃত্যু হয়েছে তার। সে বাঁকুড়ার পুয়াবাগান এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

জানা গিয়েছে, বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবা চক্রধর পাল জানান যে স্কুল গিয়ে কবাডি খেলেছিল রূপম। তারপর ক্লাসে টেবিলে মাথা রেখে জিরোচ্ছিল। বিজ্ঞান বিষয়ক শিক্ষিকা ক্লাসে আসার পর সে উঠে না দাঁড়ানোর জন্য তিনি টেবিলে রূপমের মাথা ঠুকে দেন। তারপর থেকেই ছেলে রক্তবমি করতে শুরু করে।
নিহত ছাত্রের বাবার অভিযোগ স্কুল থেকে রূপমকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে প্রথমে কিছু বলা হয়নি। ওন্দার রতনপুর এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী চক্রধর পাল দাবি করেন, স্কুলে এই ভাবে মারার জন্য মৃত্যু হয়েছে তার ছেলে রূপমের।
যদিও এই ধরনের অভিযোগ উড়িয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার বলেছেন, স্কুলে কাউকে মারধর করা হয় না। রূপম ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।












Click it and Unblock the Notifications