নিপা আতঙ্কে কাঁপছে রাজ্য! আরও এক নার্স ও চিকিৎসক ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে
নিপা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসার পর আরও দু'জন স্বাস্থ্যকর্মীকে ভর্তি করা হল কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁদের মধ্যে একজন নার্স এবং অন্যজন হলেন চিকিৎসক। আপাতত তাঁদের দু'জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা করার জন্য তাঁদের লালার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগেও উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু'জন স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতাল সূত্রে খবর যে, ওই দুই স্বাস্থ্যকর্মীর অবস্থা এখনও গুরুতর রয়েছে। চিকিৎসকদের মতে, দু'জনকেই ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থার উপর সবসময় নজর রাখা হচ্ছে।
এই ঘটনার পর থেকে রাজ্য স্বাস্থ্য দফতর সংক্রমণ ছড়ানো ঠেকাতে কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করে। সেই সূত্র ধরেই ওই নার্স এবং চিকিৎসকের নাম উঠে আসে। জানা গিয়েছে যে, সংস্পর্শে আসা ওই নার্সকে বর্ধমান থেকে বেলেঘাটা আইডিতে আনা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই চিকিৎসক এতদিন বাড়িতে কোয়ারেন্টাইন (Quarantine)-এ ছিলেন। শরীর খানিকটা খারাপ লাগায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে যে, নিপা আক্রান্ত দুই নার্স সম্প্রতি পূর্ব বর্ধমানের কাটোয়ায় গিয়েছিলেন। সেখানে তাঁরা যাঁদের যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও খোঁজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ৪৮ জনের একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি তাঁদের স্বাস্থ্যের উপরেও নজর রাখা হচ্ছে।
পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য ভবনের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। নিপা মোকাবিলার জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরির কাজও চলছে। আর এই বিষয়টি সরাসরি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে জানানো হয়েছে যে, আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। প্রয়োজন পড়লে ৯৮৭৪৭০৮৮৫৮, ৯৮৩৬০৪৬২১২, ০৩৩-২৩৩৩০১৮০ নম্বরে যোগাযোগ করা যাবে।












Click it and Unblock the Notifications