ভোটের বাদ্যি বেজেছে রাজ্যের তিন কেন্দ্রে, আচরণবিধি মেনে স্থগিত দুয়ারে সরকার
রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট-বাদ্যি বেজেছে। নির্বাচন কমিশন সাতটি কেন্দ্রে ভোট না করে এখন তিনটি কেন্দ্রে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। ফলস্বরূপ ওই তিন কেন্দ্র এলাকায় লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি।
রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট-বাদ্যি বেজেছে। নির্বাচন কমিশন সাতটি কেন্দ্রে ভোট না করে এখন তিনটি কেন্দ্রে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। ফলস্বরূপ ওই তিন কেন্দ্র এলাকায় লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। মুর্শিদাবাদ জেলা ও কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের ওই তিনটি কেন্দ্র এলাকায় আদর্শ আচরণবিধির কারণে দুয়ারে সরকার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় ১৮টি প্রকল্পের সুবিধা এখনই পাবে না এলাকাবাসী। নির্বাচনের পর আদর্শ আচরণবিধি উঠলে ফের এলাকাবাসীকে পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়। সেইমতো শনিবার বিকেল থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে তিন বিধানসভা ক্ষেত্রে।
শনিবার নির্বাচন কমিশন মুর্শিদাবাদ জেলায় দুটি বিধানসভা কেন্দ্রে সাধারণ নির্বাচন ঘোষণা করেছে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ২০২১-এর বিধানসভা নির্বাচন স্থগিত ছিল। ভোটের আগে প্রার্থীর মৃত্যু হয়েছিল করোনায়। সেই কারণেই ভোটদান স্থগিত রাখা হয়েছিল দুটি কেন্দ্রে। এবার ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা জেলাতেই দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ রাখা হচ্ছে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার কারণে।
একইসঙ্গে ভাবনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সিদ্ধান্তও নিয়েছে নির্বাচন কমিশন। এই কেন্দ্র থেকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলেন ২৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। কিন্তু ভোটে জেতার ১৯ দিনের মাথায় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকেই জল্পনা শুরু হয় এই কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন-এমএলএ মুখ্যমন্ত্রী। ফলে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে ৫ নভেম্বরের মধ্যে। তিনি এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে পরাজিত হন। কিন্তু মমতা-ক্যারিশ্মায় তৃণমূল এবার গোটা রাজ্যে বিপুল জয় পায়। রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নের তরফে জানানো হয়েছে, নির্বাচন ঘোষমা হওয়ায় আদর্শ আচরণ বিধি যাতে লঙ্ঘণ না হয়, সেই কারণেই দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ রাখা হচ্ছে। ভোটের কর্মকাণ্ড মিটলেই ফের দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে এবং এলাকাবাসীরা রাজ্যের ১৮টি প্রকল্পের পরিষেবা পাবে। মুর্শিদাবাদ জেলা ও ভবানীপুরের জন্য আলাদা করে দুয়ারের সরকারের ক্যাম্প হবে বলে জানিয়েছে নবান্ন।












Click it and Unblock the Notifications