Dilip Ghosh: রাজ্য ডিএ দিতে পারে না, তাই ছুটি দেয়, ফের কটাক্ষ দিলীপের, নওশাদ ইস্যুতে পাশে
ফের রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যে ছুটি বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেবল ছুটি দেয়। রাজ্যে কর্ম দিবস অত্যন্ত কম। রাজ্য সরকার ডিএ দিতে পারে না। তাই ছুটি দেয়। এমনই কটাক্ষ করেছেন খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন তিনি।
খড়্গপুরে নিজের নির্বাচনী এলাকাতে রয়েছেন দিলীপ ঘোষ। প্রাতঃভবনে অন্যান্য দিনের মতোই বেরিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকরা একাধিক বিষয়ে প্রশ্ন করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন, এবারে রাজ্যের ঢালাও ছুটির বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।

সোমবার ছটপুজো উপলক্ষে রাজ্য সরকার ছুটি দিয়েছে। রবিবার ছিল ছটপুজো। সোমবারও রাজ্য ছুটির আমেজ রয়েছে। কেন দু'দিন ছুটি থাকবে? সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দিলীপ ঘোষ সেই প্রশ্ন করলেন। আরও একবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রসঙ্গেও খোঁচা দিলেন তিনি।
কেন্দ্রীয় সরকার কাজ করে। সেজন্য ছুটি দেওয়া হয় না। ছুটি কম বলেই দেশ এগোচ্ছে। কেন্দ্রে কর্মদিবস অনেক বেশি। এমনই বক্তব্য দিলীপ ঘোষের গলায়। শুধু তাই নয়, রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গে কর্মদিবস সব থেকে কম। স্কুলে পড়াশোনাও অনেক কম দিন হয়ে থাকে। মুখ্যমন্ত্রী ডিএ দেন না। বেতন দেন না। তাই ছুটি দেন। এমনই কটাক্ষ করেছেন তিনি।
ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশে ফের দাঁড়ালেন দিলীপ ঘোষ। নওশাদকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রবিবার। এরপরেও তাঁকে ডাকা হবে। লোকসভা ভোট যত এগোবে, তত এইসব ঘটনা তাঁর সঙ্গে বাড়বে। এমন দাবি নিজেই করেছেন নওশাদ সিদ্দিকী। সোমবার তাঁর পক্ষেই সওয়াল করলেন দিলীপ ঘোষ।
তৃণমূল নেতা - মন্ত্রীকে সিবিআই, ইডি জেরা করার জন্য ডাকছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে তৃণমূল দাবি করে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে কেন তাহলে বারবার ডাকা হচ্ছে? কেন বিরক্ত করা হচ্ছে? বিধায়ককে বারবার পুলিশি তলব কেন? এই প্রশ্ন তুলেছেন দিলীপ। "চোরেদের রাজত্ব আর চলতে দেওয়া যাবে না।" এমনই কটাক্ষ করেছেন খড়্গপুরের সাংসদ।












Click it and Unblock the Notifications