নতুন করে সদস্য সংগ্রহ অভিযান রাজ্য বিজেপির! বুথ কমিটিতে বিশেষ শ্রেণীর ওপরে জোর
নতুন করে সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে রাজ্য বিজেপি। তবে এই সদস্য সংগ্রহ অভিযান কেবলমাত্র সংখ্যালঘু এলাকার ক্ষেত্রে প্রযোজ্য বলেই জানা গিয়েছে।
নতুন করে সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে রাজ্য বিজেপি। তবে এই সদস্য সংগ্রহ অভিযান কেবলমাত্র সংখ্যালঘু এলাকার ক্ষেত্রে প্রযোজ্য বলেই জানা গিয়েছে। এছাড়াও বুথ কমিটি তৈরির ক্ষেত্রে অল্পবয়সিদের মাথায় রাখতে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বাইক চালানোতে সক্ষমদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে এনিয়ে বৈঠক হয়েছে। হাজির ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুরা।

বিজেপিতে সাংগঠনিক নির্বাচন শুরু
২০২০-তে রাজ্যের অধিকাংশ পুরসভার নির্বাচন। পরের বছরেই বিধানসভা ভোট। সেদিকে তাকিয়ে বুথস্তরে সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিজেপি। তবে বেশ কিছু জায়গায় এই কাজ এখনও বাকি রয়েছে।

বুথ কমিটি নির্বাচনে উত্তরবঙ্গে সাফল্য
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুথ কমিটির নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির সাফল্যের হার বেশি। উত্তরবঙ্গের জেলাগুলির ৯৫ থেকে ১০০ শতাংশ বুথে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও তার মধ্যে উত্তর দিনাজপুর এবং মালদহের সংখ্যালঘু এলাকা নিয়ে প্রশ্ন রয়েছে।

সংখ্যালঘু এলাকায় 'কাজ' পিছিয়ে
বেশ কিছু জায়গায় বুথস্তরে সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয়ে গেলেও, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে এই কাজ এখনও করে উঠতে পারেনি বিজেপি। যেসব জেলা এই তালিকায় রয়েছে সেগুলি হল, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বৈঠকে পর্যালোচনায় সংখ্যালঘু এলাকায় সংগঠন অন্য জায়গার থেকে যে দুর্বল, তা সামনে চলে এসেছে বলেই জানা গিয়েছে। এমন কী এইসব জায়গায় বুথস্তরে নির্বাচন করে কমিটি তৈরি করা যাচ্ছে না।

নতুন করে সদস্য সংগ্রহ অভিযান
যেসব বুথে সদস্যের অভাবে এখনও সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করা যায়নি, সেই সব জায়গায় ফের সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে বিজেপি। দিলীপ ঘোষ জানিয়েছে, যেসব এলাকায় সংগঠনে দুর্বলতা রয়েছে, সেইসব এলাকায় নতুন করে সদস্য সংগ্রহ অভিযান করা হবে।

বুথ কমিটিতে অল্পবয়সি আর বাইকধারীতে জোর
বুথ ও মণ্ডল স্তরে অল্পবয়সি আর বাইকধারীতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। বুথ স্তরের নেতৃত্ব অল্পবয়সিদের হাতে ছাড়ার কথাও বলা হয়েছে। টার্গেট নির্বাচনী ময়দানে তৃণমূলের সঙ্গে পাল্লা দেওয়া।












Click it and Unblock the Notifications