সুকান্ত মজুমদারের প্রশ্ন, বাংলাদেশ নিয়ে চুপ কেন মমতা? চিন্তার বিষয়, বললেন বিজেপির রাজ্য সভাপতি
সুকান্ত মজুমদারের প্রশ্ন বাংলাদেশ নিয়ে চুপ কেন মমতা? চিন্তার বিষয়, বললেন বিজেপির রাজ্য সভাপতি
বাংলাদেশের (Bangladesh) ঘটনাবলী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চুপ কেন, এদিন কলকাতায় এসে এমনটাই প্রশ্ন করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশের ঘটনা নিয়ে যেসব উত্তর পাওয়া যাচ্ছে তা চিন্তার বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্য সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় বিজেপি
সুকান্ত মজুমদার এদিন বলেছেন, বাংলাদেশ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় বিজেপি। এব্যাপারে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ বলেও অভিযোগ করেছেন বালুরঘাটের সাংসদ।

বিবৃতি দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর
বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে শাসকদল তৃণমূল কিংবা মুখ্যমন্ত্রীর তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। যে ধরনের বিবৃতি রাজ্য সরকারের তরফে দেওয়া উচিত ছিল তা করা হয়নি বলেও মনে করেন তিনি। কেন রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রীর তরফে বাংলাদেশের ঘটনার ব্যাপারে কোনও বার্তা দেওয়া হল না তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন তিনি।
কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেছেন, দেশের সিএএ নিয়ে যে মুখ্যমন্ত্রী বলেন তিনি রাষ্ট্রসংঘে যাবেন, যে জায়গায় দাঁড়িয়ে পাশের দেশে যেখানে বাঙালিরাই থাকেন, সেখানকার বড় ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্যই করলেন না।

মোদী চুপ কেন প্রশ্ন তুলেছিল তৃণমূল
বাংলাদেশে দুর্গাপুজোয় দুষ্কৃতী হামলার ঘটনায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ বলে অভিযোগ করা হয়েছিল তৃণমূল মুখপাত্র জাগো বাংলায়। বলা হয়েছিল বাংলাদেশের ইস্যুতে নিষ্ক্রিয় কেন ভারত? প্রধানমন্ত্রী নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে বিষয়টি নিয়ে রাজনীতির অভিযোগ করেছিল তৃণমূল। জাগো বাংলায় লেখা হয়েছিল ভোটের আগে বাংলাদেশে গিয়ে প্রচার করেছিলেন, সেই বাংলাদেশ নিয়ে তিনি এখন নীরব।

বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থান
যদিও বাংলাদেশের ঘটনা নিয়ে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, বাংলাদেশের ঘটনা উদ্বেগজনক, চিন্তায় আছে ভারত সরকার। প্রয়োজন হলে, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে পারে ভারত সরকার। তবে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে তদন্ত করছে। ভারত সরকারও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মঙ্গলবার বাংলাদেশের হিংসা কবলিত এলাকাগুলিতে সেদেশের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিংসার ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নিয়েছেন, তা ভবিষ্যতে প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications