উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নামের অপেক্ষায় বিজেপি! দেখে নিতে বদলাতে পারে গেরুয়া শিবিরের নাম
রাজ্যে আসন্ন ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২ কেন্দ্রের জন্য প্রার্থীর নাম বিজেপি দিল্লিতে পাঠিয়েছে অনুমোদনের জন্য।
রাজ্যে আসন্ন ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২ কেন্দ্রের জন্য প্রার্থীর নাম বিজেপি দিল্লিতে পাঠিয়েছে অনুমোদনের জন্য। অপর এক কেন্দ্র মালদহের কালিয়াগঞ্জের প্রার্থীর নাম নিয়ে এখনও কিছুই বলেনি বিজেপি। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করার পরেই বিজেপির তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। অন্যদিকে খড়গপুর সদর কেন্দ্রে বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় বদল হতে পারে বলে সূত্রের খবর।

বৈঠক করে বিজেপির নির্বাচনী কমিটি
দলের প্রার্থী ঠিক করতে শনিবার বৈঠকে বসেছিল রাজ্য বিজেপির নির্বাচনী কমিটি। সূত্রের খবর অনুযায়ী, সেখানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জয়প্রকাশ মজুমদারকে করিমপুর থেকে প্রার্থী করার জন্য প্রস্তাব দেন। এই নাম সর্বসম্মতভাবে পাশ হয়েছে বলে জানা গিয়েছে। খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী হিসেবে খড়গপুর শহর বিজেপির সভাপতি প্রেমচাঁদ ঝা-এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রেমচাঁদ ঝা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ এবং বিজেপির দীর্ঘদিনের কর্মী।

প্রেমচাঁদ ঝা-এর নামে আপত্তি একাংশের
সূত্রের খবর অনুযায়ী, খড়গপুর সদর কেন্দ্রে প্রেমচাঁদ ঝা-এর নামে আপত্তি রয়েছে বিজেপির একটি অংশের। কেননা যে তিনটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে খড়গপুর সদরকেই বিজেপির তরফে পজিটিভ বলে ধরে নেওয়া হচ্ছে। কেননা এই আসন থেকে দিলীপ ঘোষ প্রায় ৪৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। তাই ধরেই নেওয়া হচ্ছে এবারের উপনির্বাচনে বিজেপি প্রার্থীই জয়ী হবেন। সূত্রের খবর অনুযায়ী, এই আসনে বিজেপি এমন একজনকে দাঁড় করাতে চায় যিনি বিধানসভায় সভায় গিয়ে ছাপ ফেলবেন। যার কাজে জনমানসেও ছাপ পড়বে। সেক্ষেত্রে এই কেন্দ্রে বয়স কম দাপুটে প্রার্থী দাঁড় করাতে চাইছে বিজেপি। তবে ভারতী ঘোষ ইতিমধ্যেই নাকি জানিয়ে দিয়েছেন, তিনি খড়গপুর সদর থেকে দাঁড়াতে চান না। তিনি ঘাটালেই সংগঠন গড়ে তুলতে চান বলে জানিয়েছেন।

কালিয়াগঞ্জে তৃণমূলের প্রতীক্ষায় বিজেপি
অন্যদিকে, মালদহের কালিয়াগঞ্জ আসনে এখনও প্রার্থী ঠিক করতে পারেনি বিজেপি। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আপাতত ঠিক হয়েছে এই কেন্দ্রে স্থানীয় কাউকে প্রার্থী করা হবে। তবে বাইরের প্রার্থীর নামও আলোচনার মধ্যে রয়েছে।

কালিয়াগঞ্জের দায়িত্বে বিজেপির সংগঠন সম্পাদক
মালদহের কালিয়াগঞ্জ আসনে পাটিগণিতের নিরিখে বিজেপি পিছিয়ে থাকলেও এই কেন্দ্রটি নিয়ে তৎপরতা রয়েছে বিজেপির মধ্যে। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন বিজেপির রাজ্য সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। প্রার্থীর নাম নিয়ে ইতিমধ্যেই তিনি বিভিন্নস্তরে কথাবার্তা চালিয়েছেন। বিজেপির দাবি এই কেন্দ্রে প্রার্থী ভাল হলে তাদের জয় নিশ্চিত।












Click it and Unblock the Notifications