পুর-দুর্নীতির তদন্তে কেন সিবিআই? বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা: পুরসভা দুর্নীতি নিয়ে কেন সিবিআই? সিঙ্গল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ রাজ্য। আজ মঙ্গলবার রাজ্যের তরফে আদালতের কাছে মামলা করার আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।
সেই মতো বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। চলতি সপ্তাহে মামলা শুনানির জোর সম্ভাবনা। বলে রাখা প্রয়োজন, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা।

সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত নিয়োগ সংক্রান্ত মামলা সরে যায়। সেই মতো পুরসভায় নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলাটিও সরে যায়। মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। রাজ্যের তরফে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার আবেদন জানানো হয়। মামলার শুনানিতে কেন সিবিআই প্রয়োজন সে বিষয়ে সওয়াল জবাব করা হয়।
পাশাপাশি রাজ্যের তরফেও পুর-দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরা হয়। পাশাপাশি সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয় যে, ইতিমধ্যে এফআইআর দায়ের হয়ে গিয়েছে। এই অবস্থায় নতুন করে এফআইআর করা সম্ভব নয় বলেও দাবি করে তদন্তকারী সংস্থা।

আর সেই মামলায় শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, পুরসভা ও শিক্ষা নিয়োগ দুর্নীতি একটা মিশ্রিত অপরাধ। আর এরপরেই পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআইকে করারই নির্দেশ দেন বিচারপতি সিনহা। আর সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে।
ফলে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমটার অয়ন শীলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পান আধিকারিকরা। দেখা যায়, রাজ্যের অন্তত ৫০ টি পুরসভাতে মোটা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

এমনকি কোন কোন পদের জন্যে কত টাকা সে বিষয়েও একটি তালিকা পান আধিকারিকরা। আর এই কেলেঙ্কারির মাথা কে? তা খুঁজে বার করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে বারবার নির্দেশকে চ্যালেঞ্জ প্রসঙ্গে বিজেপির দাবি, দুর্নীতিবাজদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার।
আর সেজন্যেই বারবার আদালতে যাচ্ছে। যদিও সোমবারই একটি মামলার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদালত আদালতের মতো কাজ করবে। আমরা আমাদের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications