সি-প্যাপের মাধ্যমে অনুব্রতর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা চিকিৎসকদের
সি-প্যাপের মাধ্যমে অনুব্রতর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা চিকিৎসকদের
গতকালই হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। সি-প্যাপের মাধ্যমে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গতকাল বুকে চাপ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তৃণমূল কংগ্রেস নেতার চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অসুস্থতার কারণে গতকাল সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল।

অক্সিজেন সাপোর্টে অনুব্রত মণ্ডল
কলকাতায় সিবিআই হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বিকেলে তিনি কলকাতায় পৌঁছন। চিনারপার্কের বাড়িতে রাত কাটানোর পর সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন। বুধবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ১০টা ৪৫ মিনিট নাগাদ সেখানে না পৌঁছে সোজা তিনি চলে যান এসএসকেএম হাসপাতালে। দুপুর পর্যন্ত সেখানে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ভর্তি করে।

কী করবে সিবিআই
হাসপাতালে ভর্তির পরেই সিবিআইয়ের দফতরে আইনজীবী মারফৎ চিঠি পাঠান অনুব্রত মণ্ডল। তাতে তিনি জানিয়েছেন সিবিআইয়ে হাজিরা দিতেই কলকাতায় এসেছিলেন, কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ায় তিনি নিজাম প্যালেসে হাজিরা দিতে পারেননি। ৪ সপ্তাহ হাজিরার জন্য সিবিআইয়ের কাছে চিঠিতে সময় চেয়েছেন অনুব্রত। এর মধ্যে সিবিআই যদি মনে করে তাহলে হাসপাতালে এসে তাঁকে জেরা করতে পারে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা।

সিবিআইকে সহযোগিতার বার্তা
ইতিমধ্যেই এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে সিবিআই যদি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় হাসপাতালে তাহলে তারা সবরকম সহযোগিতা করবে। আইন মেনে তদন্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। হাসপাতালে সকাল থেকে অক্সিজেন সাপোর্টে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে সি-প্যাপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতেই এইপদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎকরা।

অনুব্রতকে নিশানা সুকান্তর
তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি কটাক্ষ করে বলেছেন অনুব্রত মণ্ডল তাঁর ভবিষ্যৎবানী সঠিক প্রমাণ করে দিয়েছে। গতকাল তিনি যখন বাড়ি থেকে বেরোন তখন তিনি বলেছিলেন ক্যামেরার মুখ যেন এসএসকেএম হাসপাতালের দিকে ঘুরিয়ে রাখা হয়। সেই কথাই সত্যি প্রমাণ করেছেন অনুব্রত। অর্থাৎ সিবিআই হাজিরা এড়াতে হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। এই নিয়ে নিজের দলের নেতা কুণাল ঘোষের কাছেও কটাক্ষের শিকার হয়েছেন অনুব্রত মণ্ডল। কুণাল ঘোষ নাম না করেই কটাক্ষ করে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সিবিআই হাজিরা এড়াননি।












Click it and Unblock the Notifications