Abhijit Ganguly on SSC Verdict: মমতাকে ‘দিদি’ সম্বোধন, চাকরিহারাদের বাঁচাতে বড় পরামর্শ অভিজিৎ গাঙ্গুলির!
Abhijit Ganguly on SSC Verdict: এসএসসি মামলায় চাকরিহারাদের মধ্যে এখনও যোগ্য ও অযোগ্যদের বাছাই করা সম্ভব। শুক্রবার এমনটাই মত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। চাকরিহারাদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিটি গঠন করারও পরামর্শ। শুক্রবার সংসদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন অভিজিৎ গাঙ্গুলি।
দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা এসএসসির নিয়োগ প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের ওই রায়ের জেরে চাকরি হারান ২৫ হাজার ৭৫২ জন। অযোগ্যদের সঙ্গে চাকরি হারান যোগ্য প্রার্থীরাও। শুক্রবার এপ্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেন,"যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলেই সম্বোধন করব। চাকরিহারাদের বাঁচাতে কমিটি তৈরি হোক।"

প্রাক্তন বিচারপতির কথায়, "যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাছাই করা সম্ভব। কাউকে দোষারোপের প্রশ্নে যাব না। ছেলেমেয়েদের উপর যে বিপর্যয় নেমে এসেছে, তাদের উদ্ধার করতেই হবে। চাকরিহারাদের জন্য কমিটি গড়ুন মমতা। চেয়ারম্যান হিসেবে মাথায় শিক্ষামন্ত্রী, এজি, বিকাশরঞ্জন ভট্টাচার্য বা আমি থাকতে পারি। যারা মূল মামলা করেছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, ফিরদৌস শামিম, তারাও থাকতে পারেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও থাকতে পারেন।"
দোষাদোষির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারি আমরা, মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির। তাঁর আরও দাবি, "যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদি একটা লিস্ট তৈরি করতে পারি। তাহলে এখনও যোগ্য ও অযোগ্যদের বাছাই করা সম্ভব। লিস্ট তৈরি করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে পারি আমরা। আবেদন জানাতে পারি, যারা দোষ করেনি তাদের চাকরি থাকুক।" সবাই মিলে কমিটি তৈরি করে কাজ করলে যোগ্যরা বেঁচে যাবে বলে মন্তব্য বিজেপি সাংসদের।
যদিও অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্য প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের পর এসব করা যায় না। আইনত সম্ভব নয়। আগে হলে সম্ভব হত।" বিজেপি সাংসদের মন্তব্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, "মন্তব্যের জবাব দিতে চাই না। ওঁর কথার গুরুত্ব নেই।" রাজনীতি করতে অভিজিৎ গাঙ্গুলি এই মন্তব্য করেছেন বলে দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর নবান্নে জরুরি বৈঠক সেরে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকেও নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "হাইকোর্টে যিনি এই রায়টা দিয়েছিলেন, তিনি এখন বিজেপির সাংসদ। বিচারপতি সব ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন। নামটা ঠিক জানি না। গাঙ্গুলি না ডাঙ্গুলি।" আর আজ তাকেই 'দিদি' বলে সম্বোধন অভিজিৎ গাঙ্গুলির।












Click it and Unblock the Notifications