SSC verdict: স্কুল ছাড়ছেন একের পর এক চাকরিহারা শিক্ষক, পড়ুয়াদের নিয়ে অথৈ জলে কালনার বিভিন্ন স্কুল
SSC Verdict: এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। অযোগ্যদের সঙ্গে চাকরি চলে গিয়েছে যোগ্যদেরও। রাজ্যের অন্যান্য এলাকার মতোই সমস্যার সম্মুখীন পূর্ব বর্ধমানের কালনার একাধিক স্কুল। পড়ুয়াদের তুলনায় এমনিতেই শিক্ষকের সংখ্যা অপ্রতুল। তার উপর শিক্ষকরা চলে গেলে পড়াশোনার কী হবে, সেনিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
কালনার মহারাজা উচ্চ বিদ্যালয়ে ৬ জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। ২০১৬ সালের প্যানেলে নিয়োগ হয়েছিল তাঁদের। ওই স্কুলে মোট পড়ুয়া রয়েছে ১৮০০ জন। ফলে এত পড়ুয়াদের নিয়ে অথৈ জলে পড়ল কালনার ওই স্কুল। আগামিদিনে কীভাবে তারা পড়াশোনা চালিয়ে নিয়ে যাবেন তা ভেবেই দিশেহারা স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়া ও অভিভাবকরাও।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এপ্রসঙ্গে জানান, স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা ৩৬। ৬ জন চলে গেলে চরম সমস্যায় পড়ব। পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত তিনটে করে সেকশন। দশমে ২টো সেকশন। স্কুলে প্রচুর বিষয় পড়ানো হয়।
বায়োলজির শিক্ষক বেশি পরিমাণে চলে যাচ্ছেন। জীববিদ্যার ২ জন, ইংরেজির ১ জন চলে যাচ্ছেন। ফলে একাদশ, দ্বাদশ, নবম, দশমের ক্লাসে খুবই সমস্যা হবে। পড়ুয়াদের প্রভাবমুক্ত রাখতে সবরকম প্রচেষ্টা করা হবে বলে জানান তিনি।
মহারাজা হাই স্কুলের ৬ জনের মধ্যে চাকরিহারা চারজন শিক্ষক বৃহস্পতিবার স্কুলে উপস্থিত থাকলেও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি তারা। অন্যদিকে কালনার শশীবালা সাহা গার্লস হাই স্কুলে দু'জন শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি স্টাফের চাকরি চলে গিয়েছে। স্কুল চালাতে বহু সমস্যা হবে বলে দুশ্চিন্তার কথা জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
তিনি এদিন বলেন, "চাকরি বাতিলের জেরে স্কুল চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে। একমাত্র গ্রুপ ডি কর্মী ছিলেন। তিনিও চলে যাওয়ায় গ্রুপ ডি পদও পুরোপুরি শূন্য হল।" অন্যদিকে কালনার নিগমানন্দ বিদ্যামন্দির হাই স্কুলে ৩ জন শিক্ষক, ১ জন গ্ৰুপ ডি ও একজন ক্লার্কের চাকরি গিয়েছে।
পাশাপাশি কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ের ৬ শিক্ষিকার চাকরি গিয়েছে এই প্যানেলে। ৭ এপ্রিল থেকে স্কুলে পরীক্ষা শুরু। কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে দিশেহারা স্কুলের প্রধান শিক্ষিকা। এবিষয়ে স্কুল পরিদর্শকের কাছে যাওয়া হলে তিনি এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি।












Click it and Unblock the Notifications