এসএসসি: ২৬ দিন ভুখা পেটে থেকেও রক্ত বেচলেন প্রার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ থেকে এসএসসি, সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এসএসসি পরীক্ষাতে পাশ করেও চাকরি পাননি অনেকে। এঁদের একাংশ গত ২৬ দিন ধরে অনশনে বসেছেন। প্যান্ডেল, মাইক, আলো বাবদ রোজ ডেকরেটরকে টাকা গুনে দিতে হচ্ছে। কিন্তু এঁদের পুঁজি তো সামান্য। তাই টাকা তুলে আন্দোলন চালিয়ে যেতে রক্ত বিক্রি করেন। গতকাল পার্ক সার্কাসের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে ৬২ জন রক্ত দেন। অনশনরত ছাত্রছাত্রীদের সংগঠন 'ছাত্র ঐক্য সংগ্রাম মঞ্চ'-এর তরফে প্রদ্যুৎ হালদার বলেন, "ব্যক্তিগতভাবে আমাদের কেউ কেউ টাকা দিয়ে সহায়তা করছেন। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় এতটাই কম যে, আমরা রক্ত বিক্রি করতে বাধ্য হলাম।"
প্রশ্ন উঠেছে, অনশনরতদের রক্ত নেওয়াটা ঠিক হল কি না? কারণ, না খাওয়ার ফলে রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে। এই অবস্থায় রক্ত নেওয়ার বড় বিপর্যয় ঘটতে পারত। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "পরীক্ষার্থীদের নিয়ে কিছু লোক রাজনীতি করছেন। ছেলেমেয়েগুলোর কিছু হলে তাঁরা সামলাবেন। পদ্ম, হাত, কাস্তে সবাই এক সঙ্গে নেমে পড়েছে। আমরা নিয়ম বহির্ভূতভাবে কিছু করতে পারব না। এটা আন্দোলনকারীদের বুঝতে হবে।"
ওয়াকিবহাল মহলের প্রশ্ন, অনশন করতে গিয়ে এঁদের যদি কিছু হয়ে যায়, তা হলে কে দায়িত্ব নেবে? নাকি এর পর পুলিশ দিয়ে জোর করে তুলে দেওয়া হবে অনশনরতদের?












Click it and Unblock the Notifications