জেলায় জেলায় ঝড়বৃষ্টি! তিন মিনিটের কালবৈশাখীতে লণ্ডভন্ড কলকাতা-সহ বিভিন্ন জায়গা
দিনভর অস্বস্তির আবহাওয়া থেকে মুক্তি দিল কালবৈশাখী। এদিন বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর ঝড় হয়। গাছের ডাল ভেঙে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়। ভাতারে ঝড়ে আটকে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। গাছ পড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও।
এদিন সন্ধেয় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিমমুখী কালবৈশাখী আলিপুরের ওপরে দিয়ে গিয়েছে বিকেল ৫.৪১ নাগাদ। যার বেশ ছিল ঘন্টায় ৮৪ কিমি। তিন মিনিট স্থায়ী ছিল সেটি। আর সন্ধে ছটা নাগাদ দমদমের ওপর দিয়ে পশ্চিমমুখী কালবৈশাখী যায়। সেটির বেগ ছিল ঘন্টায় ৬২ কিমি। যেটি স্থায়ী ছিল ১ মিনিট।

তার আগে অবশ্য এদিন দুপুর থেকেই আবহাওয়া দফতরের নাওকাস্টের মাধ্যমে জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুপুরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টি হয়। এরপর ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদেও ঝড়বৃষ্টি হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত আবহাওয়া দফতরের শেষ বার্তাটি ছিল পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জন্য। অরেঞ্জ ওয়ার্নির জারি করে বলা হয়েছিল এইসব জায়গায় ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। পূর্বাভাস মতোই ঝড়বৃষ্টি হয় এইসব জায়গায়।

তবে এদিনের ঝড়ে কলকাতার অনেক জায়গাতেই গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ময়দান এলাকায় গাছ পড়ে গাড়ির ওপরে। ধর্মতলার চাঁদনি চকে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ঝড় ও গাছ পড়ে শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
পূর্ব বর্ধমানের ভাতারে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে আটকে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চ এবং নব জোয়ার যাত্রার তাবুরও ক্ষতি হয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ ও মায়ানমার উপকূল অতিক্রম করার পরেই প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলার স্থলভাগের ওপরে প্রবেশ করার এই সপ্তাহে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না কলকাতাও।
আবহাওয়া দফতরের তরফে এদিন বুলেটিন প্রকাশ করে বলা হয়, শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার থেকে শনিবার ঝড় কিংবা বৃষ্টির বেগ বাড়বে বলেও জানানো হয়। বিভিন্ন জায়গায় কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।












Click it and Unblock the Notifications