‘বন্দেমাতরম’ ইসলাম বিরোধী! বিতর্কিত মন্তব্যে শোর বাঁধালেন যোগী-রাজ্যের সাংসদ
সংসদে শপথ গ্রহণ পর্বেই ঘোর বিতর্ক। ‘বন্দেমাতরম’কে ইসলাম বিরোধী বলে মন্তব্য করে বিতর্ক বাঁধালেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুল রহমান বর্ক।
সংসদে শপথ গ্রহণ পর্বেই ঘোর বিতর্ক। 'বন্দেমাতরম'কে ইসলাম বিরোধী বলে মন্তব্য করে বিতর্ক বাঁধালেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুল রহমান বর্ক। উত্তরপ্রদেশের সম্বলের সাংসদ শপথ গ্রহণ মঞ্চেই বলে বসেন, বন্দেমাতরম ইসলাম বিরোধী।তাঁর এই মন্তব্যে বিতর্ক বেধে যায়। এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে সোমবার। মঙ্গলবারও শপথ গ্রহণ করেছেন বিভিন্ন দলের বহু সংসদ-সদস্যরা। সেইমতোই এদিন শপথ নিতে আসেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুল রহমান বর্ক। তাঁর শপথগ্রহণের সময় কক্ষজুড়ে বন্দেমাতরম ধ্বনি ওঠে।
তা শুনেই ক্ষেপে যান সমাজবাদী পার্টির সাংসদ। শপথ নেওয়ার পরে তিনি পরিষ্কার করে দেন বন্দেমাতরম নিয়ে তাঁর নিজের মত। আর সেইসময়ই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। শুধু তাঁর সময়ই নয়, এআইএমআইএমের নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদ্দুদ্দিন ওয়াইসির শপথ গ্রহণের সময়ও সংসদে বন্দেমাতরম ও জয় শ্রীরাম ধ্বনি ওঠে।
প্রসঙ্গত সোমবার জয় শ্রীরাম স্লোগান উঠেছিল লোকসভায়। বঙ্গ বিজেপির দুই সাংসদ-মন্ত্রী আসানসোলের বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের দেবশ্রী চৌধুরীর শপথ গ্রহণের সময়ও জয় শ্রীরাম ধ্বনি তোলা হয়েছিল। মঙ্গলবার সংসদদের শপথ গ্রহণ শেষ হওয়ার পর বুধবার স্পিকার নির্বাচন হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পর ৫ জুলাই বাজেট পেশ করা হবে।












Click it and Unblock the Notifications