Sourav Meets Mamata: নবান্নে মমতা-সৌরভ বৈঠক, ইস্পাত কারখানার জমি নিয়ে অপপ্রচারকে সপাটে ওড়ালেন মহারাজ
Sourav Meets Mamata: নবান্নে গিয়ে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আধ ঘণ্টার বেশি বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বৈঠকে উঠেছে সৌরভের ইস্পাত কারখানা গড়ার প্রসঙ্গ।
গড়বেতার চন্দ্রকোণা রোডে প্রয়াগ ফিল্ম সিটির জমিতেই সৌরভের কারখানা গড়ে ওঠার কথা। যদিও বিষয়টি নিয়ে মামলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি। তার আগে মমতার সঙ্গে সৌরভের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের মঞ্চে সৌরভের কথায় উঠে এসেছিল রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা যেমন সব সময় পাওয়া যায়, দ্রুত মেসেজের উত্তর মেলে সে কথা উল্লেখ করেছিলেন সৌরভ।
একইসঙ্গে সৌরভ বলেছিলেন, রাজ্যে বিনিয়োগ করতে গিয়ে দেখেছেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরও সদা তৎপর। সমস্ত রকম সহযোগিতা মেলে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সৌরভ নিজের মুখে বলেননি। তবে আমি জানি সৌরভ ইস্পাত কারখানা গড়ছেন।
রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যে ২০২৩ সালে মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছিলেন। সেখান থেকেই শালবনীতে ইস্পাত কারখানার কথা ঘোষণা করেন সৌরভ। পরবর্তীকালে শালবনীতে জমি জট দেখা দেওয়ায় সৌরভের কারখানাটি গড়বেতায় গড়ার উদ্যোগ নেওয়া হয়।
এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগেও সৌরভের কারখানার ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়াতেও সৌরভকে আক্রমণ করা হয়। নানারকম ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তিও তৈরি করা হয়। তবে অভীষ্ট লক্ষ্যে অবিচল।
সৌরভ এক সাক্ষাৎকারে ওয়ানইন্ডিয়াকে জানিয়েছিলেন যে, বাংলার মেধাকে যাতে ভিনরাজ্য়ে বা ভিনদেশে যেতে না হয়, সে কথা মাথায় রেখেই রাজ্যে নয়া লগ্নি করতে চান তিনি। কারখানা হলে যেমন প্রত্যক্ষ অনেক কর্মসংস্থান হবে, তেমনই পরোক্ষভাবেও উপকৃত হবেন বহু মানুষ। বিশেষ করে যেখানে কারখানা হবে তার আশেপাশের এলাকার মানুষজন।
এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনেও সৌরভ জানান, এ রাজ্যে তাঁর জন্ম। ফলে হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ ভিনরাজ্যে যুবসমাজের জন্য শিক্ষা, কর্মসংস্থানের যে পরিকাঠামো রয়েছে তার সঙ্গে বাংলার তুলনা সব সময়ই তিনি করেন। মুখ্যমন্ত্রী যে আন্তরিকভাবে ১০০ শতাংশ চেষ্টা করছেন, তাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেন সৌরভ।
তবে এদিন সৌরভ একটি অপপ্রচারকে বাপি বাড়ি যা স্টাইলে উড়িয়ে দিয়েছেন। সৌরভ বলেছেন, শালবনীর জমি ১ টাকায় পেয়েছি কে বলল? প্রয়াগের কাছে যে জমি ছিল তার ৩৫০ একর ১০০ কোটি টাকা দিয়ে সরকারি টেন্ডারের মাধ্যমে কিনেছি।
স্বাভাবিকভাবেই সৌরভের বক্তব্য রাজনীতির জগতের লোকজনের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। রাজনীতির কারবারিরা আবার নানা ফন্দি ফিকির করবেন। এই জমি কিনতে গিয়েও সৌরভকে আইনি জটিলতায় পড়তে হচ্ছে। তবে সৌরভ ও তাঁর ঘনিষ্ঠ মহলের স্থির বিশ্বাস, সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে ইস্পাত কারখানা হবেই। কর্মসংস্থানই আপাতত মহারাজের পাখির চোখ।












Click it and Unblock the Notifications