দমদমে হাঁটু জলে সৌগত, মানুষকে পরিষেবা দিতে রাস্তায় সায়ন্তিকাও
সিভিয়ার সাইক্লোন রেমাল কারণে দুর্ভোগে কলকাতার বিস্তীর্ণ এলাকা। দমদম লোকসভা কেন্দ্রে যথেষ্ট প্রভাব পড়েছে রেমালের। বহু রাস্তায় জল জমে যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়লেন সৌগত রায়।
রীতিমতো ধুতি গুঁটিয়ে হাঁটু জলে ঘুরলেন সৌগত। রাস্তার ম্যানহোলের ঢাকনা সরানোর চেষ্টা করতেও তাঁকে দেখতে পাওয়া যায়। তাই নয়, দুর্ভোগে থাকা মানুষের সঙ্গেও কথা বলেন সৌগত। তাঁর সঙ্গে ছিলেন বরাহনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।

দমদম এলাকার উপর দিয়ে সর্বোচ্চ গতিবেগে রেমাল বয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে রেমাল বয়ে গিয়েছে। দমদমের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণও যথেষ্ট বেশি। ফলে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে।
বহু জায়গাতেই গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল ঝুলছে রাস্তার উপরে। কিছু জায়গায় গাড়ির উপর গাছের ডাল ভেঙে পড়েছে। এছাড়াও দমদম এলাকার বহু জায়গা জলের তলায় চলে যায়। বৃষ্টির কারণে সোমবার বেলাতেও সেই পরিস্থিতির সুরাহা হয়নি।
এরপর তৃণমূল কর্মীদের সঙ্গে পথে নামেন সৌগত রায়। তিনি দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ। এবারেও তিনি তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন। জমা জলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করেন। লাঠি দিয়ে ফ্লেক্স ও অন্যান্য জিনিসও সরানোর চেষ্টা হয়।
সৌগত রায়ের সঙ্গে এলাকায় পৌঁছে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও কাজে হাত লাগান। গাছ কাটার কাজ হতে থাকে৷ গাড়ি আনা হয়। সেই গাড়ি অপারেটরের আসনে সৌগত রায় ও সায়ন্তিকাকে দেখতে পাওয়া যায়।
ভোটের প্রচার? না কি মানুষের পাশে থাকা? সেই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications