৬৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে বিপাকে সোহম, ভোটের মুখে হাই কোর্টে মামলা

ভোটের আবহে ফের চাপে তৃণমূল। তারকা প্রার্থী তথা অভিনেতা রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার গুরুতর অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা। ৬৮ লক্ষ টাকা ধার নিয়ে তা শোধ না করার অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শাহিদ ইমাম নামে এক ব্যক্তি। আগামী সপ্তাহেই বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সোহমকে এবারের নির্বাচনে করিমপুর কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। ঠিক এই সময়েই তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ দলকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করা হচ্ছে। মামলাকারীর দাবি, ২০২১ সালে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য সোহমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই সূত্রে মোট ৬৮ লক্ষ টাকা অভিনেতার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ছবির কাজ এগোয়নি, আর ফেরতও মেলেনি পুরো টাকা।

ঘটনায় নতুন মোড় আসে, যখন জানা যায় এটি প্রথম নয়। এর আগেও একই অভিযোগে আইনি পথে হেঁটেছিলেন শাহিদ। তাঁর বক্তব্য, সেই সময় তিনি যুব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দু'বছর জেলেও কাটান। জামিনে মুক্তি পাওয়ার পরই তিনি ফের সোহমের কাছে পাওনা টাকা দাবি করেন। কিন্তু অভিযোগ, টাকা ফেরত না দিয়ে উল্টে হুমকির মুখে পড়তে হয় তাঁকে।

এর আগে আদালত বিষয়টি মীমাংসার জন্য আরবিট্রেশনের পথে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেখানে কোনও সমাধান না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন শাহিদ। আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। করিমপুরে বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ কড়া ভাষায় তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে বলেন, "যিনি লক্ষ লক্ষ টাকার দুর্নীতিতে জড়িয়ে থাকতে পারেন, তিনি বিধায়ক হলে সাধারণ মানুষের কী হবে, তা সহজেই অনুমেয়।" তাঁর দাবি, এমন প্রার্থীকে ভোট দেবে না মানুষ।

যদিও পাল্টা সুর শোনা গিয়েছে তৃণমূলের তরফে। করিমপুর ২ ব্লক সভাপতি সৌমেন বিশ্বাসের কথায়, "পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভোটের আগে প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করতে পুরনো ঘটনা ইচ্ছাকৃতভাবে সামনে আনা হচ্ছে।"

ভোটের মুখে এই মামলাকে ঘিরে করিমপুরের রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+