বিরোধীদের হয়ে তলে তলে প্রচার! একুশের ভোট চলাকালীন ৬ তৃণমূল নেতা সাসপেন্ড
বিরোধীদের হয়ে তলে তলে প্রচার! একুশের ভোট চলাকালীন ৬ তৃণমূল নেতা সাসপেন্ড
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত হলেন তৃণমূলের প্রভাবশালী নেতা। সপ্তম দফা ভোটের আগের দিনই দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হল। মুর্শিদাবাদের রানিনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত হলেন তৃণমূল নেতা আমিনু হাসান বাপি। পূর্ব মেদিনীপুরের বিজেপির হয়ে কাজ করার জন্য পাঁচ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

ভেবেচিন্তে ভোটটা দেবেন, দলীয় প্রার্থীর হয়ে সওয়া
শুক্রবার রানিনগরের দলীয় প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল নেতা আমিনুল হাসান বাপি। তিনি বলেন, এবার নির্বাচনে এলাকার বুদ্ধিজীবী ও বাসিন্দাদের কাছে আবেদন, আপনারা ভেবেচিন্তে ভোটটা দেবেন। তিনি নিজের দলের প্রার্থীর হয়ে সওয়াল না করে বিরুদ্ধাচরণেই এই মন্তব্য বলে মনে করছে তৃণমূল।

ভোটের আগের দিন নেতাকে বহিষ্কার তৃণমূলের
রানিনগরে সৌমিকের সঙ্গে আমিনুল হাসান বাপির কোন্দল দীর্ঘদিনের। সেই কোন্দলের জেরেই সৌমিকের বিরুদ্ধে ভোট দিতে মানুষকে প্রভাবিত করছেন আমিনুল, এমনটাই দাবি তৃণমূলের। নির্বাচনের আগে নেতার এই মনোভাবের পরিচয় পেতেই কড়া হল নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি : সাসপেন্ডেড নেতা
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান জানান, ব্লক সভাপতি আমিনুল যা বলেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। এরপর আমিনুল জানান, দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমি আমার বক্তব্য থেকে সরছি না। আমি আমার বক্তব্যে অনড় থাকছি। সাসপেন্ড হওয়ার পরও আমি ওই একই প্রচার করব।

তৃণমূল নেতা বহিষ্কারে কংগ্রেসের প্রতিক্রিয়া অধীর-গড়ে
এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা জয়ন্ত দাস বলেন, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। আমিনুল হাসান বাপি এখন বুঝতে পারছেন যে দলে তিনি সোনার স্বপ্ন দেখে গিয়েছিলেন, সেই দলই তাঁর প্রতিবাদী কণ্ঠ রোধের চেষ্টা করছে। তৃণমূলে প্রতিবাদী কণ্ঠের জায়গা হয় না, সঠিক কথা বললে তৃণমূলের দরজা বন্ধ করে দেওয়া হয়।

বিজেপির হয়ে কাজ, পাঁচ তৃণমূল নেতাকে বহিষ্কার
মুর্শিদাবাদের গোষ্ঠীকোন্দলে এক নেতার সাসপেন্ডের ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলাতেও পাঁচ তৃণমূল নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে দলে থেকেও বিজেপির হয়ে কাজ করার অভিযোগ পাঁচ নেতাকে বহিষ্কার করল তৃণমূল। বহিষ্কৃত নেতারা হলেন, কোলাঘাট ব্লক সভাপতি তপন ঘোড়া, সহ সভাপতি রাজকুমার কুণ্ডু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যত্র গৌর মালিক, সিদ্ধা দু-নম্বর অঞ্চল প্রধান অরুণ হাজরা ও গোপালনগল অঞ্চলের উপপ্রধান অরুণ আদক।












Click it and Unblock the Notifications