নজিরবিহীনভাবে মমতার পাশে সিপিএম শীর্ষ নেতৃত্বও, ইভিএমে নয় ভোট হোক ব্যালটে, উঠল একই দাবি
লোকসভা ভোটের পর একমাত্র ইভিএম কারচুপি নিয়ে সরব ছিল তৃণমূল। একা লড়াই চালিয়ে পঞ্চায়েত ও পুরভোট ব্যালটে করার আর্জি জানিয়ে রেখেছেন মমতা।
লোকসভা ভোটের পর একমাত্র ইভিএম কারচুপি নিয়ে সরব ছিল তৃণমূল কংগ্রেস। একা লড়াই চালিয়ে পঞ্চায়েত ও পুরভোট ব্যালটে করার আর্জি জানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে নজিরবিহীনভাবে তৃণমূলের পাশে দাঁড়াল সিপিএম। সিপিএমের শীর্ষ নেতৃত্ব, ইভিএমে কারচুপি প্রসঙ্গ তুলে পুরভোট ব্যালট পেপারে করার জন্য সওয়াল করল।

বাংলার মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন
মঙ্গলবার কলকাতায় এসে এ ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মুখ্যমন্ত্রীর মতোই তিনিও ভিভিপ্যাট এবং ইভিএমের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। তিনি বলেন, বিরোধী দলগুলির একত্রিত হয়ে এই ইস্যুতে আলোচনায় বসা উচিত।

রাজ্য চাইলে ব্যালট পেপারে পুরভোট
আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে সীতারাম বলেন, রাজ্যের পঞ্চায়েত বা পুরভোট ব্যালটে হবে নাকি ইভিএমে, তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য চাইলে ব্যালট পেপারে পুরভোট করতেই পারে। এই প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদকের যুক্তি, কর্নাটক, উত্তরাখণ্ড-সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যালেট পেপারেই পঞ্চায়েত ও পুরভোট হয়েছে।

ইভিএমে কারচুপি ও ভিভিপ্যাট নিয়ে প্রশ্ন
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে ইভিএম নিয়ে জোর তৎপরতা শুরু করেছিল বিরোধী দলগুলি। ইভিএমে কারচুপি ও ভিভিপ্যাট ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। এই মর্মে কমিটিও গড়া হয়েছিল। কিন্তু সেই কমিটির কার্যকারিতা সে ভাবে এগোয়নি। বিশেষ করে লোকসভায় বিরোধীরা পর্যুদস্ত হওয়ার পর থমকে গিয়েছে যাবতীয় পরিকল্পনা।












Click it and Unblock the Notifications